নখ কাটলে কি আসলেই অজু ভেঙে যায়?
নখ কাটার দৃশ্য। প্রতীকী ছবি
ইসলামে পবিত্রতা ও পরিচ্ছন্নতার গুরুত্ব অপরিসীম। দৈনন্দিন জীবনে শরীর পরিচ্ছন্ন রাখা, নখ কাটা, চুল ছাঁটা থেকে শুরু করে ইবাদতের আগে অজু করা—সব ক্ষেত্রেই রয়েছে ইসলামের সুনির্দিষ্ট শিক্ষা ও নির্দেশনা। তবে ধর্মীয় বিধিবিধান পালনের ক্ষেত্রে অনেক সময় সমাজে প্রচলিত কিছু ধারণা মানুষের মনে সংশয় তৈরি করে। এর মধ্যে একটি হলো, অজু করার পর নখ কাটলে অজু ভেঙে যায় কি না। এ কারণে কেউ কেউ অজুর পর নখ কাটতে দ্বিধা করেন, আবার অনেকে নখ কাটার নির্দিষ্ট নিয়মকে হাদিসে প্রমাণিত বিধান মনে করেন।
কিন্তু ইসলামী শরিয়তে এর কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন ফুক্বাহায়ে কেরাম। তারা বলেন,তারা বলেন, শরিয়তে অজু ভঙ্গের নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। এসব কারণের মধ্যে নখ কাটার বিষয়টি নেই। তাই অজুর পর নখ কাটলে নতুন করে অজু করার প্রয়োজন হয় না।
রাজধানীর জামিয়া ইকরার ফাজিল ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মুফতি ইয়াহইয়া শহিদ কালবেলাকে বলেন, নখ কাটা বা চুল ছাঁটার মধ্যে অজু ভাঙার কোনো কারণ নেই। অজুর ভেতরে যেসব বিষয়কে অজু নষ্টের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, নখ কাটা তার মধ্যে অন্তর্ভুক্ত নয়।
ইয়াহইয়া শহিদ জানান, হাসান বসরিকে (রহ.) একবার প্রশ্ন করা হয়েছিল, কেউ যদি অজু করার পর চুল বা নখ কাটে, তাহলে কি তার অজু ভেঙে যাবে? উত্তরে তিনি স্পষ্টভাবে বলেন, এ সব কারণে অজুর কোনো ক্ষতি হয় না। নতুন করে অজু করতে হবে না। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৫৭৬)।
অতএব, নখ কাটার পর অজু ভেঙে যায়— এ কথা সঠিক নয়। অজু করার পর নখ কাটলে নতুন করে অজু করতে হবে না। ইসলাম আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে দিয়েছে, তাই এখানে কুসংস্কার বা অযথা ভয়ের কোনো স্থান নেই।
অজু ভঙ্গের প্রধান কারণগুলোও জানিয়েছেন মুফতি ইয়াহইয়া শহিদ। নিচে সেই কারণগুলো তুলে ধরা হলো:
১. প্রাকৃতিক পথ দিয়ে নির্গত হওয়া: পায়খানা, প্রস্রাব, পায়ুপথ দিয়ে বায়ু বা এমন কিছু নির্গত হওয়া। নবীজি (সা.) বলেছেন, ‘তোমাদের কারও নামাজ হবে না, যদি তার ‘হাদাস’ হয় আর অজু না করে।’ (সহিহ মুসলিম: ২২৫)
‘হাদাস’ মানে পায়খানা, প্রস্রাব, পায়ুপথ দিয়ে বায়ু বা এমন কিছু নির্গত হওয়া।
২. ক্ষতস্থান থেকে বের হওয়া তরল: শরীর কোথাও থেকে রক্ত, পুঁজ বা হলুদ পানি এতটুকু যদি বের হয়, যা গড়িয়ে পড়ার মতো, তাহলে তা অজু ভঙ্গ করে।
৩. গভীর ঘুম: গভীর ঘুমে পড়ে গেলে অজু ভেঙে যায়; কারণ, এ সময় শরীরের নিয়ন্ত্রণ থাকে না। তবে বসে বা হালকা ঘুমে অজু ভাঙে না। নবীজি (সা.) বলেছেন, ‘চোখ জাগ্রত থাকলে পায়ু বন্ধ থাকে।’ (মুসনাদে আহমদ : ১৬,৮৯৩)
৪. সংজ্ঞা হারানো: মূর্ছা যাওয়া, মদ্যপান বা অন্য কারণে সংজ্ঞা হারালে অজু ভেঙে যায়।
৫. জননাঙ্গ স্পর্শ: পুরুষ বা নারী সরাসরি যৌনাঙ্গ দিয়ে অন্যের যৌনাঙ্গ স্পর্শ করলে অজু ভাঙে। (সুনানে আবু দাউদ: ১৮১)
৬. বমি: প্রবল বেগে মুখ ভরে বমি হলে অজু ভেঙে যায়।
৭. নামাজে হাসা: নামাজে জোরে হাসলে অজু ও নামাজ দুটিই ভেঙে যায়। তবে মৃদু হাসলে শুধু নামাজ নষ্ট হয়।