শহীদ জেহাদের রক্ত আমরা বৃথা যেতে দিব না: আমান উল্লাহ আমান
ছবি: সংগৃহীত
উল্লাপাড়া সংবাদদাতা॥
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক (ভিপি) আমান উল্লাহ আমান বলেছেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের জাতীয় বীর শহীদ নাজির উদ্দিন জেহাদের রক্ত আমরা বৃথা যেতে দিব না। সে দিন আমরা জেহাদের রক্তমাখা লাশ ছুয়ে শপথ করেছিলাম, এই রক্ত আমরা বিফলে যেতে দিবো না। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ জেহাদ রক্ত দিয়েছেন। সেই গণতন্ত্র পুনরুদ্ধারের পরও গত ১৭ বছরে বারবার তা বাধাগ্রস্ত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নবগ্রাম এলাকায় নব্বইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ নাজির উদ্দিন জেহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। তখন ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা ঘাপটি মেরে আছে, গুপ্ত ও ফ্যাসিবাদী শক্তি, তারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠা করেছে। সেই ভোটাধিকার কখনোই হারাতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, জনগণ যে গণতন্ত্র ফিরে পেয়েছে, সেই অর্জন ধরে রাখতে হবে। বাংলাদেশের মানুষ কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারেক রহমান কাজ করছেন।
বিএনপির এই নেতা বলেন, আবারও আন্দোলন করতে হয়েছে। লন্ডন থেকে তারেক রহমান সেই আন্দোলনে নেতৃত্ব দিয়ে এক দফায় এনেছে। ইলিয়াস আলী ও সুমনসহ অনেকে গুম হয়েছেন। হাজারো ছাত্র-জনতা শহীদ হয়েছেন। সর্বশেষ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আবু সাঈদসহ অনেকে প্রাণ দিয়েছেন। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে জনগণ তারেক রহমানকে বেছে নিয়েছে।
কবর জিয়ারত কর্মসূচিতে বিএনপি নেতা নাজিম উদ্দীন আলম, সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বাবুল, খন্দকার লুৎফর রহমানসহ দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এ সময় নব্বইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ নাজির উদ্দিন জেহাদ ও সাইফুদ্দিন মনিরের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়।