১৭ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

​ভুয়া মুক্তিযোদ্ধা কোঠায় খালুকে বাবা সাজিয়ে শিক্ষক পদে চাকরি, অবশেষে বরখাস্ত

স্টাফ রিপোর্টার॥
আপলোড সময় : ১৪-১০-২০২৬
​ভুয়া মুক্তিযোদ্ধা কোঠায় খালুকে বাবা সাজিয়ে শিক্ষক পদে চাকরি, অবশেষে বরখাস্ত ছবি: সংগৃহীত

মিথ্যা তথ্য দিয়ে খালুকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সিরাজগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি নেয়া সেই শিক্ষক আব্দুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দ্য ডেইলি স্কাই সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় তাকে সাময়িক বরখাস্তসহ তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, আব্দুর রশিদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে চাকরিতে যোগদানের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।

এর আগে দ্য ডেইলি স্কাই পত্রিকাসহ একাধিক গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়।  
উল্লেখ্য যে, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দশসিকা গ্রামের রুস্তম আলী ও রেহানা বেগমের ছেলে আব্দুর রশিদ তার মুক্তিযোদ্ধা খালুকে পিতা হিসেবে উল্লেখ করে ভূয়া কাগজপত্রের মাধ্যমে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোট হামকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। 

অপরদিকে, রুস্তম আলীর আরেক ছেলে সালেহ আকরাম বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন। তার বিরুদ্ধেও একইভাবে ভুয়া কাগজপত্রে মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। তবে তার চাকরির বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, বীর মুক্তিযোদ্ধা গাজী এস এম আবুল কাসেমের একমাত্র মেয়ে আমেনা খাতুন অভিযোগ করেন, তার বাবার মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে আত্মীয়-স্বজনরা অনিয়মের মাধ্যমে সুবিধা নিয়েছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেন।

মিথ্যা তথ্য দিয়ে সরকারি চাকরি নেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্তের এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।




আরো খবর

সর্বশেষ সংবাদ