আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবীন
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তারকাদের চেহারা দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ভিউ ও অর্থ উপার্জনের জন্য অন্যকে অপমান-অপদস্থ করার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, মানুষের অসম্মান কবে থেকে উপার্জনের মাধ্যম হয়ে উঠল?
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নিজের ফেসবুক পোস্টে মেহজাবীন লেখেন, এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং তাকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়া কোনো বিনোদন নয়, বরং অপরাধ।
একই ধরনের কনটেন্ট শত শত কিংবা হাজার হাজার মানুষ শেয়ার করলে তা আর শুধু একজনের অপরাধে সীমাবদ্ধ থাকে না; বরং বৃহত্তর সামাজিক সমস্যার প্রতিফলন হয়ে ওঠে বলে মন্তব্য করেন তিনি।
মেহজাবীন লেখেন, কাউকে মানুষ হিসেবে সম্মান করতে হলে তাকে নিজের পরিবারের সদস্য হতে হবে কেন—এ প্রশ্নও এখন সামনে আনা প্রয়োজন। তাঁর ভাষায়, অন্যের প্রতি সম্মান দেখানোর ক্ষেত্রে মা-বোনের সঙ্গে তুলনা টানার প্রয়োজন হওয়াটাই উদ্বেগজনক।
সামাজিক মাধ্যমে ভিউ, লাইক, শেয়ার ও ট্রেন্ডিংয়ে থাকার প্রতিযোগিতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি স্বীকার করেন, অনেকের কাছে কনটেন্ট তৈরি জীবিকা নির্বাহের একটি উপায়। তবে সেই বাস্তবতা অন্যকে অপমান করে অর্থ উপার্জনের বৈধতা দিতে পারে না বলে মনে করেন তিনি।
মেহজাবীনের মতে, জনপ্রিয়তা বা অর্থের আশায় কাউকে হেয় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রত্যেক মানুষের সম্মান পাওয়ার অধিকার রয়েছে। কারও পরিচয় বা চেহারা ব্যবহার করে আপত্তিকর কনটেন্ট তৈরি ও প্রচারেরও কোনো গ্রহণযোগ্যতা নেই।
তিনি আরও বলেন, এ সমস্যা শুধু নারী বা পুরুষের মধ্যে সীমাবদ্ধ নয়। সামাজিক মাধ্যমে এনগেজমেন্ট ও জনপ্রিয়তা বাড়ানোর প্রতিযোগিতায় যে কেউ ক্ষতিকর কনটেন্ট তৈরির সঙ্গে যুক্ত হতে পারেন, আবার যে কেউ এর শিকারও হতে পারেন।
এ ধরনের কনটেন্ট তৈরিকারীদের পাশাপাশি তা স্বেচ্ছায় শেয়ার করা ব্যক্তিদের ভূমিকাও উদ্বেগজনক বলে উল্লেখ করেন মেহজাবীন। তাঁর মতে, শেয়ার ও প্রচারের মাধ্যমে অসংখ্য মানুষ আপত্তিকর কনটেন্ট আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিচ্ছেন।
পোস্টের শেষে তিনি কনটেন্ট শেয়ারকারীদের নিজেদের বিবেকের কাছে প্রশ্ন রাখার আহ্বান জানান। অন্যের প্রতি অপরাধমূলক আচরণ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কেউ সেই অন্যায়ের অংশীদার হতে চান কি না, তা ভেবে দেখার পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সামাজিক মাধ্যমের পেজ হ্যাক হওয়ার পর সেখানে মেহজাবীনের একটি ডিপফেক ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। পরে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি হ্যাকিংয়ের ঘটনা জানিয়ে দুঃখ প্রকাশ করে। তবে এ ঘটনায় বিতর্ক অব্যাহত রয়েছে।