যমুনায় অবৈধ বালু বাণিজ্য
প্রশ্নের মুখে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী!
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে যমুনা নদীর ঝুঁকিপূর্ণ বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন এবং সরকারি জমি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় তা মজুতের অভিযোগ ঘিরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে পাউবো, সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেনকে ঘিরে স্থানীয়ভাবে নানা অভিযোগ ও বিতর্ক তৈরি হয়েছে।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে যমুনা নদীর নির্ধারিত এলাকার বাইরে বালু উত্তোলন, পরিবহন ও সরকারি জমিতে মজুতের ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি। এমনকি পাউবোর জমি ও নদীভাঙন রক্ষা অবকাঠামো ব্যবহার করে বালু ব্যবসা চলার অভিযোগও রয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন। তার দাবি, অবৈধ বালু উত্তোলন বা সরকারি জমি ও অবকাঠামো ব্যবহারে তিনি কোনো ধরনের সহযোগিতা করেননি।
এদিকে সম্প্রতি রাণীগ্রাম এলাকায় ক্রসবার-২-এর কাছে সরকারি জমি অবৈধভাবে বালু সংরক্ষণ ও পরিবহনের কাজে ব্যবহারের ঘটনায় তিন ব্যক্তিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সেখানে মজুত করা বালু ২০ দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্র জানায়, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অবৈধ বালু উত্তোলন ও মজুত নিয়ে প্রতিবেদন প্রচারের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনা শুরু হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তবে স্থানীয়দের প্রশ্ন, সরকারি জমি ও অবকাঠামো ব্যবহার করে দীর্ঘদিন ধরে বালু বাণিজ্য চলার অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট পাউবো কর্মকর্তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন।
বাঁধ ও রেলওয়ের জমিতে বালুর স্তূপ
যমুনার ঝুঁকিপূর্ণ বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলনের পর তা সরকারি জমি, নদীতীর সংরক্ষণ বাঁধ, সড়ক এবং বসতবাড়ির আশপাশে মজুত করার অভিযোগ ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে।
সম্প্রতি সরেজমিনে রাণীগ্রাম, কোবদাসপাড়া ও গুনেরঘাতি এলাকায় পাউবোর ডান তীর সংরক্ষণ বাঁধের আশপাশে বিপুল পরিমাণ বালু মজুত থাকতে দেখা যায়।
এ ছাড়া সরকারি সংস্থার পুকুর ভরাট করে, আঞ্চলিক সড়কের পাশে এবং আবাসিক এলাকার কাছেও বালু মজুত করা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে পাউবো কর্মকর্তাদের নাকের ডগায় এসব কার্যক্রম চললেও বারবার অভিযোগ জানিয়েও কার্যকর প্রতিকার পাওয়া যায়নি। এতে ধুলাদূষণ, সড়ক ব্যবহারে প্রতিবন্ধকতা এবং পরিবেশগত ঝুঁকি তৈরি হচ্ছে।
বালুবাহী বাল্কহেডেও বাড়ছে ঝুঁকি
যমুনায় শত শত বাল্কহেডে করে বালু পরিবহন নিয়েও স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে।
তাদের অভিযোগ, বালুবাহী এসব নৌযান চলাচলের সময় সৃষ্ট বড় ঢেউ বারবার নদীতীর ও তীর সংরক্ষণ স্থাপনায় আঘাত করছে। এতে নদীতীরের স্থিতিশীলতা ও সংরক্ষণকাজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে সিরাজগঞ্জ শহর ও আশপাশের সড়ক দিয়ে খোলা ট্রাকে বালু পরিবহনের কারণে ধুলাবালি ছড়িয়ে পথচারী ও অন্যান্য যানবাহনের চলাচলেও ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
নির্ধারিত এলাকার বাইরে উত্তোলনের অভিযোগ
স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত বালুমহালের বাইরেও যমুনার বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করে জেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে সরবরাহ করা হচ্ছে।
তাদের আরও অভিযোগ, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় বালু বাণিজ্য আরও বিস্তৃত হয়েছে। জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কেউ কেউ বিষয়টি জানলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ তাদের।
সিরাজগঞ্জের বাস্তবতায় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জেলার বিস্তীর্ণ যমুনাতীর দীর্ঘদিন ধরেই নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে। নদীতীর সংরক্ষণ বাঁধ বা অন্যান্য প্রতিরক্ষা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে আশপাশের জনবসতি, সড়ক ও সরকারি স্থাপনা নতুন করে ভাঙনের মুখে পড়তে পারে।
একই সঙ্গে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ ও মেরামতে সরকারের অতিরিক্ত অর্থ ব্যয়ের আশঙ্কাও রয়েছে।
গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে বালু উত্তোলনে আইনি নিষেধাজ্ঞা
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সেতু, কালভার্ট, বাঁধ, ব্যারাজ, নদীতীর সংরক্ষণ স্থাপনা, সড়ক, মহাসড়ক, বন, রেললাইনসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নির্ধারিত দূরত্বের মধ্যে বালু বা মাটি উত্তোলন ও সংরক্ষণ নিষিদ্ধ।
আবাসিক এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশেও আইনের নির্ধারিত সীমার মধ্যে বালু উত্তোলন বা সংরক্ষণ করা যায় না। আইন লঙ্ঘনের ক্ষেত্রে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।
তারপরও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় বালু উত্তোলন ও মজুত অব্যাহত রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
‘সবাইকে ম্যানেজ করেই ব্যবসা করি’
সরকারি জমিতে বালু মজুতের বিষয়ে কয়েকজন বালু ব্যবসায়ী দাবি করেছেন, তাদের নিজস্ব জমি না থাকায় সরকারি জমি ব্যবহার করতে হয়।
এক ব্যবসায়ী বলেন, “সংশ্লিষ্ট সবাইকে ম্যানেজ করেই আমরা ব্যবসা করি। সরকার যদি সরকারি জমি ব্যবহারে কোনো সমস্যা না দেখে, তাহলে সাংবাদিকদের সমস্যা কেন?”
বালু ব্যবসায়ী জহুরুল ইসলাম দাবি করেন, তারা একজন প্রভাবশালী ব্যক্তির পৃষ্ঠপোষকতায় ব্যবসা করছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসব কার্যক্রম সম্পর্কে অবগত।
তিনি আরও বলেন, “সাংবাদিকরা এ বিষয়ে সংবাদ প্রকাশ করলে নানা ধরনের চাপের মুখে পড়তে হয়। আমরা নিজেরাও সমস্যায় পড়ি।”
এদিকে স্থানীয়দের অভিযোগ, বালু ব্যবসার সঙ্গে জড়িতদের কাছ থেকে কোনো কোনো কর্মকর্তা নিয়মিত অর্থ নিয়ে থাকেন এবং বিনিময়ে অনিয়ম দেখেও না দেখার ভান করেন। অবৈধ বালু উত্তোলন ও বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
বাড়ছে নদীভাঙনের আশঙ্কা
পরিবেশ সচেতন ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, নির্বিচারে বালু উত্তোলনের ফলে যমুনার স্বাভাবিক গতিপথ ও নদীতীরের স্থিতিশীলতা পরিবর্তিত হতে পারে। এতে ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নদীভাঙন আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।
বিশেষ করে নদীতীর সংরক্ষণ বাঁধের কাছাকাছি বালু উত্তোলন ও ভারী বাল্কহেড চলাচলকে তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে চলা এমন কর্মকাণ্ড বন্ধে একটি ভ্রাম্যমাণ আদালতের অভিযান যথেষ্ট নয়। অবৈধভাবে মজুত করা বালু অপসারণ, সরকারি জমি ও বাঁধ দখলমুক্ত করা, নিয়মিত নদী তদারকি এবং অনুমোদনবহির্ভূত বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান প্রয়োজন।
একই সঙ্গে অবৈধ বালু বাণিজ্যে কোনো সরকারি কর্মকর্তা বা প্রভাবশালী ব্যক্তি সহযোগিতা করছেন কি না এবং কেউ আর্থিকভাবে লাভবান হচ্ছেন কি না—তা তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তাদের আশঙ্কা, কার্যকর ও ধারাবাহিক নজরদারি না থাকলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন শুধু সরকারি সম্পদ ও অবকাঠামোকেই ঝুঁকির মধ্যে ফেলবে না, সিরাজগঞ্জের ভঙ্গুর নদীতীরকে আরও অস্থিতিশীল করে তুলবে এবং ভবিষ্যতে নদীভাঙন ঠেকাতে সরকারের ব্যয়ও বাড়াবে।
---রেহেন্নুমা তারান্নুম