ওয়েবিনারে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান
বাংলাদেশে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি
ছবি: টিডিএস
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি) আয়োজিত “বাংলাদেশের তরুণদের মধ্যে ইমার্জিং টোব্যাকো ও নিকোটিন পণ্যের মুখোশ উন্মোচন এবং স্বাস্থ্যঝুঁকি তুলে ধরা” শীর্ষক ওয়েবিনারে বক্তারা ই-সিগারেট, ভেপ, নিকোটিন পাউচসহ সব ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার জন্য আলাদা আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেন, তামাক কোম্পানির কূটচাল শক্ত হাতে নির্মূল করতে হবে।
ওয়েবিনারে সভাপতিত্ব করেন টিসিআরসি, ডিআইইউর প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক মো. বজলুর রহমান। সঞ্চালনা করেন টিসিআরসির সিনিয়র প্রজেক্ট অফিসার মো. জুলহাস আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিসিআরসির প্রজেক্ট কোঅর্ডিনেটর ফারহানা জামান লিজা।
ওয়েবিনারে বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভাইটাল স্ট্র্যাটেজিসের টেকনিক্যাল অ্যাডভাইজর আমিনুল ইসলাম সুজন, ডব্লিউবিবি ট্রাস্টের হেড অব প্রোগ্রামস সৈয়দা অনন্যা রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্চের প্রজেক্ট ডিরেক্টর হামিদুল ইসলাম হিল্লোল। এছাড়া ডিআইইউর শিক্ষার্থী এবং তামাক নিয়ন্ত্রণে কর্মরত নাগরিক সমাজের প্রতিনিধিরা ওয়েবিনারে অংশ নেন।
মূল প্রবন্ধে ফারহানা জামান লিজা বলেন, ই-সিগারেট, ভেপ, হিটেড টোব্যাকো প্রোডাক্ট, নিকোটিন পাউচ ইত্যাদি নতুন সব ইমার্জিং টোব্যাকো ও নিকোটিন পণ্য প্রচলিত তামাকপণ্যের পাশাপাশি বাজারে দ্রুত ছড়িয়ে পড়ছে। কোম্পানিগুলো প্রায় ১৬ হাজার ফ্লেভারে "স্বাস্থ্যকর ও ট্রেন্ডি" পণ্য হিসেবে এগুলো বাজারজাত করছে যার মূল লক্ষ্য মুলত কিশোর-তরুণেরা। অথচ এসব পণ্যে সিগারেটের মতোই ক্ষতিকর রাসায়নিক রয়েছে। সিগারেটের মতো এসব পণ্যও নিকোটিন আসক্তি তৈরি করে এবং বিভিন্ন স্বাস্থ্য ক্ষতির ঝুঁকি তৈরি করে। বিশ্বের ১৩২টি দেশ ই-সিগারেট নিয়ন্ত্রণ বা নিষিদ্ধ করেছে, যার মধ্যে ৪৬টি দেশে এটি সম্পূর্ণ নিষিদ্ধ। বাংলাদেশে ২০২৫ সালের ২৪ ডিসেম্বর জারি হওয়া অধ্যাদেশে এসব পণ্য নিষিদ্ধ করা হলেও ২০২৬ সালের ১০ এপ্রিল জাতীয় সংসদে আইনটি পাসের সময় তামাক কোম্পানির হস্তক্ষেপে সংজ্ঞা থেকে ইমার্জিং টোব্যাকো প্রোডাক্ট এবং ই-সিগারেট নিষিদ্ধ সংক্রান্ত ধারা বাতিল হয়ে যায়। ফলে বর্তমানে এই বিষয়ে কোন আইনি বিধি-নিষেধ নেই।
বিশেষজ্ঞদের আলোচনায় সৈয়দা অনন্যা রহমান বলেন, তামাক কোম্পানি ইমার্জিং টোব্যাকো ও নিকোটিন প্রোডাক্টের মিথ্যা প্রচারণা এবং এসব পণ্যকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচুর অর্থ ব্যয় করে মিথ্যা গবেষণা করাচ্ছে। অন্যদিকে এসব পণ্যের ভয়াবহতা তুলে ধরে গবেষণাগুলো সেভাবে প্রচার করা হয় না। এছাড়াও ডব্লিউএইচও, সিডিসি, ইউএস সার্জন জেনারেল ও অক্সফোর্ড ইউনিভার্সিটিসহ বিশ্বস্ত প্রতিষ্ঠানের গবেষণা থাকলেও আরও গবেষণা প্রয়োজন। তিনি বলেন, এ ক্ষেত্রে তরুণ প্রজন্ম দারুণ ভূমিকা রাখতে পারে। তারা গবেষণা করতে পারে, সংবাদপত্রে লিখতে পারে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসচেতনতা তৈরি করতে পারে এবং নিজের পরিবার ও বন্ধুবান্ধবকে বিষয়টি জানাতে পারে।
আমিনুল ইসলাম সুজন বলেন, নেশা পরিবার, সমাজ ও দেশের জন্য ভয়ংকর। একজন নেশাগ্রস্ত মানুষ নিজের পরিবারকে ধ্বংস করে, পরিবার ও সমাজের সম্মান নষ্ট করে এবং দেশের ভবিষ্যৎকে নেশায় ডুবিয়ে দিতে পারে। ইমার্জিং টোব্যাকো ও নিকোটিন প্রোডাক্টে থাকা নিকোটিন ব্যবহারকারীকে নেশায় আসক্ত করে স্বাস্থ্যের ক্ষতি করে, আর এই নেশা থেকেই পরবর্তীতে অনেকে হেরোইন, গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন মাদকের দিকে ঝুঁকে পড়ে। তিনি জানান, ই-সিগারেটের জুসের সঙ্গে এমডিএমবি নামক মাদক ব্যবহার ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। তাই তরুণ প্রজন্মকে সচেতন হতে হবে, রুখে দাঁড়াতে হবে এবং কোম্পানির কূটকৌশলের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। একই সঙ্গে সব ধরনের ইমার্জিং টোব্যাকো ও নিকোটিন প্রোডাক্ট নিষিদ্ধের দাবিতে সরকারের কাছে আওয়াজ তুলতে হবে।
হামিদুল ইসলাম হিল্লোল বলেন, ই-সিগারেট ও নিকোটিন পাউচের ওপর কর আরোপের মাধ্যমে এসব পণ্যকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া দেশের জন্য আত্মঘাতী হবে। সাময়িক রাজস্বের লোভে নতুন একটি আসক্তির বাজার তৈরি হলে ভবিষ্যতে স্বাস্থ্যব্যয় ও উৎপাদনশীলতা হ্রাসের মাধ্যমে অর্থনীতিকে তার চেয়ে অনেক বেশি মূল্য দিতে হবে। তিনি বলেন, তরুণ প্রজন্মকে এই বিষয়ে সোচ্চার হতে হবে; তাদের কণ্ঠই নীতিনির্ধারকদের ওপর সবচেয়ে কার্যকর চাপ তৈরি করতে পারে। সব ধরনের ইমার্জিং টোব্যাকো ও নিকোটিন প্রোডাক্টের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা বহাল রাখাই জনস্বাস্থ্য ও অর্থনীতি উভয়ের জন্য সঠিক পথ।
ওয়েবিনারে উপস্থিত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিরা বলেন ই-সিগারেট, নিকোটিন পাউচের মতো ক্ষতিকর পণ্য নিষিদ্ধে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। দেশকে তামাক ও নিকোটিনমুক্ত করতে হলে এসব পণ্য নিষিদ্ধের কোন বিকল্প নেই। তাই ছাত্র সমাজকে এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান তারা।