দুর্গাপূজার ছুটি ও বিচ কার্নিভাল ঘিরে জমজমাট কুয়াকাটা, পর্যটনে নতুন সম্ভাবনা
ছবি: সংগৃহীত
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা॥
বর্ষার দীর্ঘ মন্দা কাটিয়ে আবারও পর্যটকদের প্রাণবন্ত পদচারণায় মুখর হয়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম পর্যটনকেন্দ্র কুয়াকাটা। আসন্ন দুর্গাপূজার ছুটি এবং আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠেয় কুয়াকাটা বিচ কার্নিভাল-২০২৬ কেন্দ্র করে সৈকতজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ।
স্থানীয় হোটেল-মোটেল মালিকরা জানান, পূজা ও বিচ কার্নিভাল উপলক্ষে ইতোমধ্যেই প্রায় ৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। পর্যটকদের এমন উপচে পড়া ভিড়ে দীর্ঘদিনের আর্থিক লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন ব্যবসায়ী ও পর্যটন খাতের সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা যায়, কয়েক মাসের স্তব্ধতা কাটিয়ে কুয়াকাটা সৈকতে বাড়ছে দূর-দূরান্ত থেকে আসা মানুষের আনাগোনা। বর্ষা মৌসুমে পর্যটক না থাকায় হোটেল, রেস্তোরাঁ, শামুক-ঝিনুকের দোকান, ডাব ও চায়ের দোকানসহ ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম লোকসানের মুখে পড়েছিলেন। তবে পূজা, কার্নিভাল এবং শীতের আগমনী বার্তায় নতুন আশা জাগছে তাদের মনে।
সংগঠকরা জানান, কার্নিভালের উদ্বোধনী দিনে জিরো পয়েন্ট থেকে গঙ্গামতি সৈকত পর্যন্ত একটি ম্যারাথনের আয়োজন করা হয়েছে, যা উৎসবে যোগ করেছে বাড়তি মাত্রা।
উল্লেখ্য, কুয়াকাটায় প্রায় ২৫০ থেকে ৩০০টি আবাসিক হোটেল-মোটেল এবং শতাধিক রেস্তোরাঁ রয়েছে। এছাড়া সৈকত ঘিরে জীবিকা নির্বাহ করেন কয়েক হাজার ভ্রাম্যমাণ ও ক্ষুদ্র ব্যবসায়ী। পর্যটক সমাগম বাড়লে স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের গতিশীলতা আসবে বলে ধারণা করা হচ্ছে।
বিচ কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়ের আব্দুর রহিম সাকি, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জামান জুঁই এবং পর্যটন সচিব নূরুন্নাহার চৌধুরী।
ঢাকা থেকে আসা পর্যটক পারভেজ শাহীন বলেন, “এর আগে কয়েকবার আসলেও এবার পরিবার নিয়ে এসে অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। আরও একদিন থাকার ইচ্ছা আছে।” প্রথমবার কুয়াকাটায় আসা খুলনার শাহিনুর আক্তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “লেবুর বন ও গঙ্গামতির সৌন্দর্য দেখে খুব ভালো লেগেছে। তবে বিচ কার্নিভালের কথা জানলে ভ্রমণের সময়টা আরও পেছাতাম।”
ব্যবসায়ীদের মতে, গত মৌসুমে রমজান ও নির্বাচনের কারণে পর্যটক কম ছিল। তবে এবার চাহিদা বাড়ায় কক্ষ সংকটের সম্ভাবনা তৈরি হয়েছে।
পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ, নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসন। ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. নাজমুল হাসান জানান, দর্শনার্থীদের নিরাপত্তায় পোশাকে ও সাদা পোশাকে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন ছাদেক জানান, হয়রানি বন্ধ ও পর্যটন এলাকায় খাবারের মান নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব ও ইউএনও মো. আরিফুজ্জামান জানান, কার্নিভাল ঘিরে বহুস্তরের নিরাপত্তার পাশাপাশি মেডিকেল টিম ও জরুরি সেবা প্রস্তুত রাখা হয়েছে।
পূজার ছুটি, বিচ কার্নিভাল ও শীতকালীন মৌসুমের এই ত্রিমুখী সমাগমে কুয়াকাটার পর্যটন শিল্পে এক নতুন ভোরের প্রত্যাশা করছেন পটুয়াখালীর ব্যবসায়ীরা।