নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্র
যে কোন সময় গ্রেফতার হতে পারেন সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হারুন অর রশিদ
হারুন অর রশিদ
রেহেন্নুমা তারান্নুম॥
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং উত্তর সরবরাহের বিস্তৃত আন্ত:মন্ত্রণালয় চক্রের সঙ্গে সরাসরি যুক্ত থাকার গুরুতর অভিযোগ ওঠার পর সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হারুন অর রশিদকে খুঁজছে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। যদিও তিনি তার মোবাইল ফোন বন্ধ রেখেছেন এবং দূর্গাপূঁজাসহ অন্যান্য সরকারী ছুটির কারণে বর্তমানে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, ধারণা করা হচ্ছে তার অপকর্মে ঘটনা ফাঁস হওয়ার পর তিনি আত্মগোপনে চলে গেছেন। এমনকি যে কোন সময় তিনি দেশ ত্যাগ করতে পারেন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। তবে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আশা করছেন যে, শীঘ্রই তারা তাকে আটক করতে সক্ষম হবেন।
এ দিকে অভিযোগ ওঠার পর এই বিসিএস কর্মকর্তা গা-ঢাকা দেওয়ায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে প্রশাসনিক স্থবিরতা দেখা দিয়েছে। সম্প্রতি নির্ধারিত নিয়োগ পরীক্ষা বাতিলের ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও সিআইডির অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে, সরকারি দায়িত্বের আড়ালে হারুন অর রশিদসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সরকারি দপ্তরের অন্তত: ১১টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ছিল।
ঘটনার বিবরণ ও সরেজমিন তথ্যসূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ২৪২টি শূন্য পদের বিপরীতে ৩ লাখ ১৮ হাজার ৯৭৬ জন পরীক্ষার্থীর অংশগ্রহণে যুব উন্নয়ন অধিদপ্তরের এমসিকিউ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে প্রশ্নপত্র ফাঁসের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে। এ ঘটনায় ১১ অক্টোবর রাজধানীর মতিঝিল থানায় মামলা হয়। পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৫০-এর ৪, ৫ ও ৯(ক) ধারায় মামলাটি করা হয়।
মামলার তদন্তে নেমে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে। তাঁদের মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপের তথ্য বিশ্লেষণ করে তদন্তকারীরা চক্রটির সংশ্লিষ্টতার বিষয়ে বিভিন্ন তথ্য পান। তদন্তকারীরা জানান, কেবল যুব উন্নয়ন অধিদপ্তর নয়; প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সিজিডিএফ (ডিফেন্স ফাইন্যান্স), খাদ্য মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, নির্বাচন কমিশন, এনবিআর এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অন্তত: ১১টি সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র ফাঁসের সঙ্গে সিন্ডিকেটটি যুক্ত ছিল। গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তির পর অভিযুক্ত সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ গত ১৫ অক্টোবর (বুধবার) শেষবারের মতো অফিস করেন। পরবর্তীতে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ বন্ধ করে আত্মগোপনে চলে যান। তার অফিসের কেউই তার সন্ধান দিতে পারছেন না।
তদন্তকারী কর্মকর্তাদের বিশ্লেষণে প্রশ্নফাঁস চক্রটির বহুস্তরীয় কাঠামোর বিষয়টি উঠে এসেছে। অনুসন্ধানে জানা যায়, পুরো সিন্ডিকেটের কেন্দ্রে রয়েছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিসংখ্যান কর্মকর্তা সুজিত গোপ। তাঁর সহযোগীদের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং পরিবেশ অধিদপ্তরের নিম্নপদস্থ কর্মচারীরা যুক্ত থেকে মতিঝিল এলাকায় গোপন ‘বুথ’ তৈরি করে পরীক্ষার্থীদের সঙ্গে কোটি টাকার চুক্তিতে প্রশ্নের উত্তর মুখস্থ করাতেন বলে অভিযোগ রয়েছে।
চক্রের অন্যতম পর্যায়ে কাজ করতেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সহকারী পরিচালক সোহাগ ফকির এবং বিসিএসের ৩৬তম ব্যাচের কর্মকর্তা সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই দুই শিক্ষার্থী নিজেদের মধ্যে সখ্যতা বজায় রেখে প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষার্থী সংগ্রহের নেটওয়ার্ক গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে। তাঁরা প্রার্থী প্রতি ১০ লাখ টাকার চুক্তিতে স্ট্যাম্পে স্বাক্ষর, মূল শিক্ষাগত সনদ অথবা দুই থেকে তিন লাখ টাকার ফাঁকা ব্যাংক চেক জিম্মায় রেখে পুরো প্রক্রিয়াটি পরিচালনা করতেন বলে অভিযোগ করা হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ কমিশনের বিনিময়ে তার দপ্তরের কতিপয় বিশ্বস্ত কর্মকর্তা ও কর্মচারীদের প্রার্থী সংগ্রহ এবং সন্ধানদাতা হিসেবে কাজে লাগাতেন বলে একাধিক সূত্রে জানা গেছে।
বাংলাদেশের প্রচলিত ফৌজদারি আইন ও সরকারি কর্মচারী আচরণবিধি অনুযায়ী, সরকারি পদে আসীন থেকে নিয়োগ পরীক্ষার মতো গোপনীয় ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় অনিয়ম, অসদাচরণ ও প্রতারণামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়া গুরুতর অপরাধ। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পরীক্ষার স্বচ্ছতা নষ্ট করার এ ঘটনা জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে।
তদন্তকারী সংস্থা সিআইডি সূত্রে জানা গেছে, অভিযুক্ত সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ ও সুজিত গোপকে গ্রেপ্তারের জন্য প্রযুক্তিগত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। যে কোন সময় আটক হতে পারেন এই দুজন।
ইতিমধ্যেই গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী গ্রামে অভিযান চালিয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত সোহাগ ফকির (৩৮) নামক এক কৃষি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। এ সময় তার হেফাজত থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
সোহাগ ফকির বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক হিসেবে কর্মরত। তিনি আব্দুল হালিম ফকির ও বিউটি বেগমের ছেলে। তিনি মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বুধবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে পাওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোহাগ ফকিরের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলাটির তদন্ত চলছে।
অপরদিকে গত শুক্রবার পরীক্ষাটি পুনরায় অনুষ্ঠিত হয়। এতে ৫ হাজার ৩৮৬ জন প্রার্থী পাস করেছেন।
ভুয়া চালকলে বরাদ্দ দিয়ে সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা:
এদিকে ভুয়া চালকলে বরাদ্দ দিয়ে সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। গড়েছেন ঢাকা ও গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক বাড়ী, ফ্লাট ও বিপুল সম্পদ।
অভিযোগ উঠেছে, মোটা অংকের টাকার বিনিময়ে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ১৪২টি নিবন্ধিত চালকলের মধ্যে ১৩৭ টিকে ১২ হাজার টন সেদ্ধ চাল সরবরাহের চুক্তিপূর্বক বরাদ্দ দেন জেলা খাদ্য কর্মকর্তা হারুন অর রশিদ। প্রতি টন চালের সরকারি মূল্য ৪৯,০০০ টাকা হিসেবে এই বরাদ্দের মোট আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় ৫৮ কোটি ৮৯ লাখ টাকা (৫৮৮.৯ মিলিয়ন টাকা)।
তবে স্থানীয় চালকল মালিক ও বাসিন্দাদের দাবি, বরাদ্দ পাওয়া ১৩৭টি মিলের মধ্যে অন্তত ৭০টি মিলের বাস্তবে কোনো অস্তিত্বই নেই। ভুয়া ও ত্রুটিপূর্ণ কাগজপত্র বানিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এসব ‘ভূতুরে’ মিলের নামে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের বক্তব্য:
পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক তুহিন আলম বলেন “বেশিরভাগ চালকলেরই পরিবেশগত ছাড়পত্র নেই। তা সত্ত্বেও কীভাবে বরাদ্দ পেল, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।”
তদন্ত কমিটি গঠন:
বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) নির্দেশে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধায়নে উক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মমিনুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু দু:খজনক ব্যাপার হলো, ঘটনাটি ধামাচাপা দিতে সিরাজগঞ্জ জেলা ও রায়গঞ্জ উপজেলা প্রশাসনের কয়েকজন ক্ষমতাশীন কর্মকর্তা খোদ উঠে পড়ে লেগেছেন বলে অভিযোগ উঠেছে। জেলায় সার সংকট মোকাবেলায় সরকারী কর্মকর্তাদের ব্যস্ততার অজুহাতে এখন পর্যন্ত গতি পায়নি তদন্ত কাজ। বিষয়টিকে ভিন্নখাতে গড়ানোর লক্ষ্যে তদন্তকাজে গড়িমশি করা হচ্ছে বলে জানিয়েছেন অনেক বৈধ চালকল মালিক।
এদিকে সুবিধাভোগী অবৈধ ও তথাকথিত চালকল মালিকরা তাদের এই দূর্ণীতি ও অনিয়ম ঢাকতে নানা তদবির ও মিল ঘঁষামাজার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। ফলে এই তদন্ত থেকে অশ্ব-ডিম্ব প্রসব করার সম্ভাবনা রয়েছে বলে পরিহাস করছেন স্থানীয়রা।
সচেতন মহল মনে করছেন, হারুন অর রশিদকে আটক করে রিমান্ডে নিলে সকল অপকর্মের তথ্য বেরিয়ে আসবে, যা দেশের জনগণের প্রত্যাশা পুরুন করবে।