অতিরিক্ত ডিআইজির বাসায় ডিজে পার্টি: অনলাইনে নিবন্ধন করে অংশ নিতেন তরুন, তরুনী ও ব্যাংকাররা
ছবি: সংগৃহীত
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া বাসায় আয়োজিত ডিজে পার্টিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ব্যাংকারদের নিয়মিত যাতায়াত ছিল। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে তরুণ-তরুণীরা এসব পার্টিতে অংশ নিতেন।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি জানান, ২০২৫ সাল থেকে ওই বাসায় নিয়মিত ডিজে পার্টির আসর বসত। প্রতি মাসে সেখানে ২০ থেকে ২২টি আয়োজন করা হতো। ‘এয়ারবিএনবি’ ও ‘ট্রাভেলা’ নামের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এসব পার্টির প্রচারণা চালানো হতো এবং নাম নিবন্ধনের পর জনপ্রতি প্রায় ৬০০ টাকা ফি নিয়ে অংশগ্রহণকারীদের প্রবেশের সুযোগ দেওয়া হতো। এছাড়া বাড়ি ভাড়া বাবদও বড় অংকের অর্থ লেনদেনের তথ্য মিলেছে।
অভিযানের বিবরণ:
ঊর্ধ্বতন মহলের গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। ভেতরে প্রবেশ করে দেখা যায়, উচ্চ শব্দে গান বাজছে এবং সিসা সেবনের কারণে পুরো পরিবেশ ধোঁয়াচ্ছন্ন হয়ে আছে। বাইরে তখন প্রায় ২২টি গাড়ি পার্ক করা ছিল।
পুলিশের এই কর্মকর্তা জানান, অভিযানে ২৬ জন তরুণীসহ মোট ৮৫ জনকে আটক করা হয়। আটক তরুণীদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। তাদের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর উপস্থিতিও পাওয়া গেছে।
অভিযানকালে বাসাটি থেকে ৩ বোতল মদ, ইয়াবা, ‘কুশ’ নামক মাদকদ্রব্য এবং বেশ কিছু যৌনস্বাস্থ্য-সংশ্লিষ্ট সামগ্রী উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পার্টি বন্ধ করে সবাই ভবনের পাঁচটি কক্ষের বিভিন্ন কোণায় লুকিয়ে পড়ার চেষ্টা করেন।
আটকদের সাজা:
ওই বাসা থেকে আটক ৮৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। রায়ে—
পুরুষদের: ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
নারীদের: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।