১৭ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে ঘিরে ফেসবুকে কমেন্টস, অতপর...!

জেলা প্রতিনিধি॥
আপলোড সময় : ২২-১০-২০২৬
প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে ঘিরে ফেসবুকে কমেন্টস, অতপর...! ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে -শুধু একটা স্নাইপারের অভাব ছিল- মন্তব্য করে আলোচনার জন্ম দেওয়া সেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী সফরে যান। তাকে বহনকারী বিশেষ বিমানটি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করার পর, তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন। এ সময় সড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে হাত নেড়ে অভিবাদন জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই সফর চলাকালে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে রুয়েটের বাসে প্রধানমন্ত্রীর যাতায়াতের একটি ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়— ‘সবই বুঝলাম! রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই? রুয়েটের বাসে কেন? আপনারা কি জানেন রাজশাহীবাসী?’


উক্ত পোস্টের কমেন্ট বক্সে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয় : ‘ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ মন্তব্যটি দ্রুত ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিষয়টি নজরে আসার পর তীব্র নিন্দা জানান রাজশাহী মহানগর বিএনপির নেতারা। তারা এই মন্তব্যটিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করে তদন্তের দাবি জানান।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা জরুরি।’ দলের সহ-সভাপতি আলী আশরাফ মাসুমও একই ধরনের উদ্বেগ প্রকাশ করে আইনি ব্যবস্থার দাবি জানান।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে মন্তব্যকারীকে দ্রুত শনাক্ত ও গ্রেফতার করা হয়।

তবে গ্রেফতারকৃত যুবকের বিস্তারিত পরিচয় এবং তার বিরুদ্ধে পরবর্তীতে কী কী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, সে সম্পর্কে এখনো বিস্তারিত প্রকাশ করেনি পুলিশ।




আরো খবর

সর্বশেষ সংবাদ