১৭ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

​ইউএনও'র অতি ভক্তি: দেড় মিনিটে ২৫ বার ‘স্যার’ সম্বোধন করলেন মন্ত্রীকে

স্টাফ রিপোর্টার॥
আপলোড সময় : ২২-১০-২০২৬
​ইউএনও'র অতি ভক্তি: দেড় মিনিটে ২৫ বার ‘স্যার’ সম্বোধন করলেন মন্ত্রীকে ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমের একটি দেড় মিনিটের বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ভিডিও বক্তব্যে মাত্র দেড় মিনিট সময়ের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে ২৫ বার ‘স্যার’ সম্বোধন করেছেন তিনি। 

বুধবার (২১ অক্টোবর) রাজারহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের এ বিষয়টি আলোচনায় আসে। 

তবে বক্তব্যে শুধু মন্ত্রীকে সম্বোধন নয়, রাজারহাটে সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার দাবি, সরকারি বিভিন্ন উদ্যোগের প্রশংসা এবং সরকারি চাকরিজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ও তুলে ধরেন ইউএনও।


উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গা মন্দির প্রাঙ্গণে অসচ্ছল হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মানুষের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন তানজিলা তাসনিম। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। 

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুর রহমান, সদস্যসচিব সাহিদুল ইসলাম প্রমুখ। 

সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার দাবি, সরকারি উদ্যোগের প্রশংসা ও চাকরিজীবীদের বিষয় বক্তব্যে স্থান পেলেও মন্ত্রীকে বারবার ‘স্যার’ সম্বোধনের বিষয়টি ঘিরেই আলোচনায় এসেছেন রাজারহাটের ইউএনও তানজিলা তাসনিম।




আরো খবর

সর্বশেষ সংবাদ