পাবনায় মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, আগুন দিল বিক্ষুব্ধ জনতা
কৃত্রিম বুদ্ধিমত্ত্বা এআই দিয়ে তৈরী প্রতিকী ছবি
আবাসিক শিক্ষার্থীদের উদ্ধার, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
পাবনা সদর উপজেলায় একটি আবাসিক মহিলা মাদ্রাসার ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা মাদ্রাসাটিতে ভাঙচুর চালিয়ে শুক্রবার ভোরে আগুন ধরিয়ে দেন।
বৃহস্পতিবার রাতে উপজেলার ভারারা ইউনিয়নের দড়িভাউডাঙ্গা গ্রামের নূরানী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক মো. আবু ইউসুফ প্রামাণিকের বাড়ি খালিশপুর গ্রামে। তিনি প্রায় পাঁচ বছর ধরে ওই মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার শাহা জানান, বৃহস্পতিবার রাতে ওই শিক্ষক এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় ছাত্রীটি কৌশলে সেখান থেকে বেরিয়ে স্থানীয়দের বিষয়টি জানায়।
খবর পেয়ে ক্ষুব্ধ লোকজন মাদ্রাসায় গিয়ে শিক্ষককে আটক করে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেয় বলে জানান পরিদর্শক সঞ্জয় কুমার শাহা।
মাদ্রাসাটিতে মোট ৬০ জন শিক্ষার্থী রয়েছে, যাদের মধ্যে ৩০ জন আবাসিক। ঘটনার পর পুলিশ আবাসিক শিক্ষার্থীদের উদ্ধার করে ওই রাতেই তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করে।
তবে এ ঘটনার জেরে ক্ষুব্ধ স্থানীয়রা শুক্রবার ভোরে মাদ্রাসা ভবনে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।
পরিদর্শক সঞ্জয় কুমার শাহা বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।