৬৩৮ কোটি টাকা ব্যয়ের পরও বেদখল হচ্ছে সিরাজগঞ্জের চায়না বাঁধের ৯৯২ একর জমি
ছবিটিতে দেখা যাচ্ছে যে, রাতের অন্ধকারে একটি দোতলা রেস্তোরাঁ নির্মাণের কাজ চলছে।
প্রশাসনের উদাসীনতা, সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনাকে দায়ী করছেন স্থানীয়রা
সিরাজগঞ্জ শহরসংলগ্ন যমুনা নদীর পশ্চিম তীরে ক্রসবার-৩ ও ৪ এলাকায় প্রায় ৯৯২ একর জমি অব্যবহৃত পড়ে থাকায় এই জমির বিভিন্ন অংশ দিনদিন বেদখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
প্রায় ৬৩৮ কোটি টাকার বেশী ব্যয়ে নদী থেকে পুনরুদ্ধার ও উন্নয়ন করা এই বিপুল পরিমাণ জমির বড় অংশে এখনো কোনো কার্যকর পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এরই মধ্যে জমির বিভিন্ন অংশে দোকানপাট, রেস্তোরাঁ ও বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদাসীনতা, সমন্বয়হীনতা এবং অব্যবস্থাপনার সুযোগে প্রভাবশালী একটি চক্র জমি দখল করে ব্যবসা ও বসবাস করতে শুরু করেছে।
স্থানীয়দের অভিযোগ, ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের একটি চক্র সংশ্লিষ্ট প্রশাসনের কিছু কর্মকর্তার যোগসাজশে নদীতীরবর্তী চায়না বাঁধের ভেতরে ও বাইরের মূল্যবান জমিতে স্থায়ী ও অস্থায়ী স্থাপনা নির্মাণ করছে। অলিখিত লিজের নামে জমির বিভিন্ন অংশ ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এতে সরকারের বিপুল পরিমাণ সম্পত্তি বেহাত হওয়ার এবং রাজস্ব হারানোর আশঙ্কা দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, দীর্ঘদিন ধরে জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে না পারা এবং কিছু ব্যক্তিমালিকানাধীন জমির মালিকানা নিয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে জমি দখলকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ:
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, প্রশাসনের যথাযথ নজরদারি না থাকায় বিশাল এই জমির বিভিন্ন অংশ অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। তাঁদের দাবি, বিশালাকৃতির এই জমির বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকান্ড সংঘঠিত হচ্ছে প্রায় প্রতিনিয়তই।
সরেজমিনে দেখা যায়, চায়না বাঁধে প্রবেশের গেটের কাছাকাছি নদীর অভ্যন্তরীণ অংশে একটি স্থায়ী দোতলা রেস্তোরাঁ নির্মাণের কাজ চলছে। শহরের ভাঙ্গাবাড়ী এলাকার এক জামায়াত নেতার ছত্রছায়ায় জাহিদ নামক এক যুবক এই রেস্তোরা নির্মানের সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে। তবে নদীগর্ভে বিলিন হওয়ার পর আবার জেগে ওঠা এই জমির প্রকৃত মালিক কে এ নিয়ে রয়ে গেছে প্রশ্ন। এর পাশেই বাঁশ ও কাঠ দিয়ে তৈরি কয়েকটি রেস্তোরা-ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। সরকারি জমিতে এসব স্থাপনা নির্মাণের অনুমতি বা বৈধ কাগজপত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
জমিতে সরকারের ব্যয় ৬৩৮ কোটি টাকার বেশি:
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে পাউবোর তত্ত্বাবধানে ‘সিরাজগঞ্জ জেলায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল রক্ষা ও যমুনা নদী থেকে পুনরুদ্ধারকৃত ভূমির উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্প নেওয়া হয়। ২০১৭-১৮ অর্থবছরে শুরু হওয়া প্রকল্পটি ২০২৩ সালে শেষ হয়। প্রকল্প বাস্তবায়নে সরকারি কোষাগার থেকে মোট ৬৩৮ কোটি ১৫ লাখ টাকা ব্যয় করা হয়।
প্রকল্পের আওতায় যমুনা নদীর পশ্চিম তীরে প্রায় ১ হাজার ১৫৬ একর জমি ভরাট করা হয়। এর মধ্যে ৪ দশমিক ৬৮ বর্গকিলোমিটার এলাকায় মাটি ভরাটে ব্যয় হয় প্রায় ২৯৪ কোটি ৮১ লাখ টাকা। এ ছাড়া ৩ দশমিক ২০ কিলোমিটার নদীতীর রক্ষা কাজে ব্যয় করা হয় প্রায় ২০১ কোটি ২৬ লাখ টাকা। একই প্রকল্পের আওতায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে একটি বাঁধও নির্মাণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী প্রকল্পটি বাস্তবায়ন করে।
তবে প্রকল্প শেষ হওয়ার পরও জমির বড় অংশের কার্যকর ব্যবহার নিশ্চিত করা যায়নি। প্রকল্পের আওতায় পুনরুদ্ধার করা মোট ১ হাজার ১৫৬ একর জমির মধ্যে প্রায় ৯৯২ একর এখনো উপযুক্ত কাজে ব্যবহৃত হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই সুযোগে জমির বিভিন্ন অংশে স্থাপনা গড়ে উঠছে। কোথাও দোকানপাট ও বাড়িঘর নির্মাণ করা হয়েছে, কোথাও আবার পশুপালনসহ বিভিন্ন কাজে জমি ব্যবহার করা হচ্ছে।
ব্যক্তিমালিকানাধীন জমি নিয়ে বিরোধ:
প্রকল্পের আওতায় পুথিয়াবাড়ি, রায়পুর, বিয়ারা, ছোটপিয়ারি, বড়পিয়ারি, বনবাড়িয়া, মোরগ্রাম, বেলটিয়া ও রামগতি—এই নয়টি মৌজার প্রায় ৬৪৩ একর ব্যক্তিমালিকানাধীন জমি ভরাট করা হয়েছে বলে দাবি রয়েছে। এ নিয়ে স্থানীয় জমির মালিকদের সঙ্গে প্রশাসনের বিরোধ সৃষ্টি হয়েছে। জমির মালিকানা, ক্ষতিপূরণ এবং জমির ভবিষ্যৎ ব্যবহার নিয়ে বিরোধের নিষ্পত্তি না হওয়ায় প্রকল্প এলাকার সার্বিক উন্নয়নও বাধাগ্রস্ত হচ্ছে।
নথিপত্রের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১ এপ্রিল তৎকালীন জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যানের কাছে একটি চিঠি পাঠান। এতে ওই এলাকায় শিল্প পার্ক স্থাপনের লক্ষ্যে জমির সম্ভাব্য মূল্য বাবদ ১ হাজার ২৬ কোটি ৩৭ লাখ ৩১ হাজার ৬৮৮ টাকা বরাদ্দ চাওয়া হয়।
পরবর্তী সময়ে, ২০২২ সালের ১৪ আগস্ট বেজার নির্বাহী চেয়ারম্যানের কাছে পাঠানো আরেকটি চিঠিতে পুথিয়াবাড়ি, রায়পুর, বিয়ারা, ছোটপিয়ারি ও বড়পিয়ারি—এই পাঁচটি মৌজার ৩০১ দশমিক ০৯ একর জমির সম্ভাব্য মূল্য বাবদ ১ হাজার ৭৬ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ৭৪১ টাকা চাওয়া হয়। তবে এসব উদ্যোগের কোনোটিই কার্যকর ফল বয়ে আনেনি।
শিশু পার্কের উদ্যোগেও জটিলতা:
২০২৪ সালের ৪ সেপ্টেম্বর সিরাজগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম আকস্মিকভাবে ক্রসবার-৩ সংলগ্ন এলাকায় ‘যমুনা ইকো শিশু পার্ক’ স্থাপনের ঘোষণা দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তবে জমির মূল্য পরিশোধ না করে পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে কয়েক দিন পর স্থানীয় বাসিন্দারা ভিত্তিপ্রস্তরটি ভেঙে ফেলেন।
পরে একই বছরের ৯ ডিসেম্বর তৎকালীন জেলা প্রশাসক জমির তথ্যসহ একটি প্রতিবেদন তৎকালীন প্রধান উপদেষ্টার সচিবের কাছে পাঠান। এতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) মাধ্যমে সেখানে একটি শিল্প পার্ক স্থাপনের উদ্যোগের কথা জানানো হয়। তবে সেই পরিকল্পনারও দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কর্তৃপক্ষের বক্তব্য:
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, “আমি নতুন এসেছি। ওই জমিগুলোর প্রকৃত মালিক কে বা কারা, তা আমার জানা নেই। তবে নদীভাঙনে বিলীন হয়ে যাওয়ার পর চর জেগে ওঠায় যেসব জমি পুনরায় দৃশ্যমান হয়েছে, সেসব জমিতে স্থাপনা নির্মাণ বন্ধে উদ্যোগ নেওয়া জরুরি।”
তিনি এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবেন বলেও জানান।
তবে জমি দখল, স্থাপনা নির্মাণ এবং প্রকল্পের আওতায় পুনরুদ্ধার করা জমির ভবিষ্যৎ ব্যবহার নিয়ে জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
প্রায় ৬৩৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পের জমি দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকা এবং এর বিভিন্ন অংশে স্থাপনা গড়ে ওঠার অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন মূল প্রশ্ন—সরকারি এই সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা এবং প্রকল্পের মূল উদ্দেশ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে কবে?