অনুমোদন সাপেক্ষে রোববার রূপপুরের প্রথম ইউনিটের পাওয়ার স্টার্টআপের প্রস্তুতি
ছবি: সংগৃহীত
অনুমোদন সাপেক্ষে রোববার (অক্টোবর ২৫) ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের পাওয়ার স্টার্টআপ (বিদ্যুৎ উৎপাদন প্রস্তুতিমূলক ধাপ) শুরুর সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রকল্প সূত্রে এই তথ্য জানা গেছে।
নিউকিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) সূত্র অনুযায়ী, ইউনিট-১ এর 'বি-২' পর্যায়ের অধীনে ফিজিক্স টেস্টসহ সকল প্রয়োজনীয় পরীক্ষা ও কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদন গত বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েড়া) কাছে জমা দেওয়া হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থা বায়েড়া অনুমোদন প্রদান করলেই ইউনিটটি 'সি' পর্যায়ে প্রবেশ করবে, যা পাওয়ার স্টার্টআপ প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা নির্দেশ করে।
প্রকল্প কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় অনুমোদন দ্রুত পাওয়া গেলে আগামীকালই এই প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে। তবে ছাড়পত্র পেতে বিলম্ব হলে নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।
প্রাথমিকভাবে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। পরবর্তীতে প্রতিটি ধাপ ও পরীক্ষার সফলতার ওপর ভিত্তি করে চুল্লির উৎপাদনে ধীরে ধীরে ক্ষমতা বৃদ্ধি করা হবে।
প্রকল্প সূত্র জানায়, বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৩০ থেকে ৩৫ শতাংশে পৌঁছালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে। কর্তৃপক্ষ আশা করছে, চলতি বছরের শেষ নাগাদ প্রথম ইউনিট থেকে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে। তবে পুরো বিষয়টি পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করছে।
এর আগে, গত ১১ অক্টোবর (রবিবার) রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে প্রথম নিয়ন্ত্রিত নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন (পরমাণু বিক্রিয়া) অর্জিত হয়। এটি ছিল বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অন্যতম প্রধান মাইলফলক, যার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে রিঅ্যাক্টরটি তার প্রাথমিক ক্রিটিক্যালিটি পর্বে প্রবেশ করে।
বিদ্যুৎ উৎপাদনের পূর্বে চার ধাপের প্রক্রিয়ার মধ্যে এই চেইন রিঅ্যাকশন ছিল প্রথম ধাপ। পরবর্তী ধাপগুলোর মধ্যে রয়েছে থার্মাল এনার্জি ট্রান্সফার, মেকানিক্যাল এনার্জি কনভার্সন এবং চূড়ান্তভাবে বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে তা সরবরাহ।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, প্রয়োজনীয় নিয়ম-কানুন, কারিগরি প্যারামিটার এবং বাহ্যিক সনদপত্র সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এই রিঅ্যাকশন শুরু করা হয়।
একটি পারমাণবিক চুল্লির ভেতরে নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশনের মাধ্যমে ইউরেনিয়াম পরমাণুর ফিশন ঘটিয়ে তাপ শক্তি উৎপন্ন করা হয়। সেই তাপ থেকে বাষ্প তৈরি করে টারবাইন ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হয়।
আনোয়ার হোসেন আরও জানান, এই পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ এবং রিঅ্যাক্টরের কার্যক্ষমতা মূল্যায়নের জন্য রুশ বিশেষজ্ঞ, দেশীয় প্রকৌশলী এবং প্রযুক্তিবিদরা উপস্থিত ছিলেন। চুল্লিতে ইতোমধ্যেই নিউক্লিয়ার জ্বালানি লোড করা হয়েছে এবং ফিশন প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি উল্লেখ করেন, প্রযুক্তিগত দলগুলো দ্রুততম সময়ে অবশিষ্ট কাজগুলো শেষ করতে কাজ করছে, তবে প্রতিটি ধাপে নিরাপত্তা মানদণ্ড ও বিধিমালা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার রোসাটমের প্রযুক্তিতে ভিভিইআর-১২০০ (VVER-1200) মডেলের দুটি প্রেসরাইজড ওয়াটার রিঅ্যাক্টর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট, যা থেকে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।