১৭ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বাধ্যতামূলক ​সামনের নম্বর প্লেট , বাইকারদের গুনতে হবে ৫০০ কোটি টাকা

আপলোড সময় : ২৫-১০-২০২৬
বাধ্যতামূলক ​সামনের নম্বর প্লেট , বাইকারদের গুনতে হবে ৫০০ কোটি টাকা কৃত্রিম বুদ্ধিমত্ত্বা এআই দিয়ে তৈরী ছবি।


এক মাসের সময়সীমায় বাড়তি খরচের চাপ, চাহিদা বেড়ে যাওয়ায় প্লেটের দামও চড়া


গোলাম মোস্তফা জীবন॥

দেশের প্রায় ৫০ লাখ মোটরসাইকেলে সামনের নম্বর প্লেট সংযোজন করতে গিয়ে মালিকদের পকেট থেকে অতিরিক্ত ৩৫০ থেকে ৫০০ কোটি টাকা ব্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আকস্মিক নির্দেশনার পর নির্ধারিত সময়ের মধ্যে প্লেট লাগাতে গিয়ে অনেক বাইকারকে গুনতে হচ্ছে ৫০০ থেকে ১ হাজার টাকা। কোথাও কোথাও নতুন করে প্লেট তৈরির চাহিদাকে পুঁজি করে দামও বাড়ানো হয়েছে। অথচ অধিকাংশ মোটরসাইকেলে সামনের নম্বর প্লেট লাগানোর জন্য কারখানায় তৈরি নির্দিষ্ট ব্যবস্থা নেই। ফলে প্লেটের পাশাপাশি বাড়তি টাকা খরচ করে তৈরি করতে হচ্ছে বিশেষ ক্ল্যাম্প বা সংযোজন-ব্যবস্থা।


সড়কে ট্রাফিক আইন লঙ্ঘন ও অপরাধে জড়িত মোটরসাইকেল শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা কার্যকর ভূমিকা রাখছে। এই প্রযুক্তির মাধ্যমে সামনের দিক থেকেও মোটরসাইকেলের নিবন্ধন নম্বর শনাক্ত করার লক্ষ্যেই সামনে নম্বর প্লেট বাধ্যতামূলক করেছে বিআরটিএ। উদ্দেশ্যকে স্বাগত জানালেও হঠাৎ এই নির্দেশনা এবং মাত্র এক মাসের সময়সীমা নিয়ে প্রশ্ন তুলেছেন বাইকারদের কেউ কেউ। তাঁদের মতে, বিপুলসংখ্যক মোটরসাইকেলের জন্য পর্যাপ্ত প্লেট ও সংযোজন-সরঞ্জাম নিশ্চিত না করে এমন নির্দেশনা দেওয়ায় সাধারণ মালিকদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে।

মিরপুরে প্লেট লাগাতে উপচে পড়া ভিড়

রাজধানীর মোটরসাইকেলের যন্ত্রাংশ ও মেরামতের অন্যতম বড় বাজার মিরপুর-১০। গতকাল সেখানে সরেজমিনে গিয়ে দেখা যায়, সামনের নম্বর প্লেট সংযোজনের জন্য শত শত মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছেন মালিকেরা। বাজারের প্রায় সব সংশ্লিষ্ট দোকানেই চলছে প্লেট তৈরি ও সংযোজনের কাজ। বাড়তি চাহিদা সামাল দিতে ব্যস্ত সময় পার করছেন দোকানের কর্মচারীরা।

মিরপুরের মমতাজ প্লাজা মার্কেটের ‘পারভেজ সিট কভার’-এর স্বত্বাধিকারী পারভেজ হাওলাদার বলেন, বিআরটিএর নতুন নির্দেশনার পর নম্বর প্লেট তৈরির চাহিদা অনেক বেড়েছে। স্টেইনলেস স্টিলের ওপর খোদাই করা প্লেটের দাম ৪০০ টাকা এবং ওয়াটারপ্রুফ প্রিন্টের প্লেটের দাম ৩০০ টাকা। সংযোজনের জন্য আরও ১০০ থেকে ১৫০ টাকা লাগে। এ ছাড়া মোটরসাইকেলের ধরন অনুযায়ী ক্ল্যাম্প তৈরিতে ২০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে। সব মিলিয়ে ক্ল্যাম্পসহ একটি নম্বর প্লেট লাগাতে ৭০০ থেকে ১ হাজার টাকা ব্যয় হচ্ছে।

পল্লবী থেকে নম্বর প্লেট লাগাতে আসা সাদিক আহমেদ বলেন, তাঁর মোটরসাইকেলের সামনে প্লেট সংযোজনের কোনো ব্যবস্থা নেই। তাই ক্ল্যাম্পসহ নতুন প্লেট তৈরি করতে ৭৫০ টাকা খরচ হচ্ছে।

তিনি বলেন, “হঠাৎ করে চাহিদা তৈরি হওয়ায় ব্যবসায়ীরা বেশি দাম নিচ্ছেন। যে প্লেট আগে ২০০ টাকায় পাওয়া যেত, সেটির দাম এখন ৪০০ থেকে ৫০০ টাকা।”

নম্বর প্লেট লাগাতে আসা আরও কয়েকজন মোটরসাইকেল মালিক জানান, নির্দেশনা মেনে প্লেট সংযোজন করতে তাঁরা বাধ্য হচ্ছেন। তবে এত বিপুলসংখ্যক মোটরসাইকেলের জন্য মাত্র এক মাসের সময়সীমা যথেষ্ট নয়। তাঁদের মতে, সময়ের চাপ ও হঠাৎ বেড়ে যাওয়া চাহিদা ব্যবসায়ীদের বেশি মুনাফা করার সুযোগ তৈরি করেছে।

তবে তাঁরা এ উদ্যোগের উদ্দেশ্যকে স্বাগত জানিয়েছেন। তাঁদের আশা, এআই ক্যামেরার মাধ্যমে মোটরসাইকেল শনাক্ত করা সহজ হলে ট্রাফিক আইন প্রয়োগ জোরদার হবে এবং অপরাধ নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়বে।

নকশায় পরিবর্তন, বাড়তি খরচের বোঝা

বর্তমানে বাজারে থাকা অনেক মডেলের মোটরসাইকেলে সামনের নম্বর প্লেট লাগানোর জন্য নির্দিষ্ট জায়গা নেই। ফলে প্লেট সংযোজন করতে আলাদা ক্ল্যাম্প তৈরি করতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে মোটরসাইকেলের কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সংযোজন-ব্যবস্থায় পরিবর্তন আনতে হচ্ছে। এতে বাড়তি খরচের পাশাপাশি মোটরসাইকেলের মূল নকশা ও সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও করছেন মালিকদের কেউ কেউ।

তবে মোটরসাইকেল প্রস্থতকারক ও বিপণন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ সমস্যার সমাধানে উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে।

মিরপুরের ৬০ ফুট এলাকায় হোন্ডা ব্র্যান্ডের শোরুম ‘বাইক ভ্যালি’র জ্যেষ্ঠ বিক্রয়কর্মী শুভ বলেন, হোন্ডার বিভিন্ন মডেলের জন্য সামনের নম্বর প্লেট সংযোজনের ক্ল্যাম্প তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে কয়েকটি মডেলের ক্ল্যাম্প তৈরি হয়েছে। পূজার ছুটির কারণে অন্য মডেলগুলোর কাজ কিছুটা বিলম্বিত হলেও শিগগিরই সব মডেলের জন্য এগুলো পাওয়া যাবে বলে আশা করছেন তাঁরা।

নম্বর প্লেট তৈরিতে ব্যয় ৩৫০ থেকে ৫০০ কোটি টাকা

বাজার ঘুরে দেখা গেছে, নম্বর প্লেট তৈরির উপকরণ ও প্রযুক্তিভেদে দামেও পার্থক্য রয়েছে। সংযোজন-ব্যবস্থাসহ স্টেইনলেস স্টিলের ওপর লেজার কাটিং বা সিএনসি এনগ্রেভিং প্রযুক্তিতে তৈরি প্লেটের দাম ৭০০ থেকে ১ হাজার টাকা। অ্যালুমিনিয়ামের প্লেটের দাম ৭৫০ থেকে ৮৫০ টাকা এবং অ্যাক্রিলিক শিট বা প্লাস্টিকের প্লেটের দাম ৫৫০ থেকে ৬০০ টাকা। তবে বিআরটিএর নির্দেশনায় স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহারের কথা বলা হয়েছে।

গত ১৫ জুন সংসদে সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, বিআরটিএর তথ্যব্যবস্থা অনুযায়ী দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি।

এই হিসাবে প্রতিটি মোটরসাইকেলে সামনের নম্বর প্লেট তৈরি ও সংযোজনে গড়ে ৭০০ টাকা খরচ হলে মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৩৪৯ কোটি ৮০ লাখ টাকা। আর প্রতিটিতে ১ হাজার টাকা ব্যয় হলে মোট খরচ হবে প্রায় ৪৯৯ কোটি ৭১ লাখ টাকা।

অর্থাৎ, নতুন নির্দেশনা বাস্তবায়নে মোটরসাইকেল মালিকদের সম্মিলিতভাবে প্রায় ৩৫০ থেকে ৫০০ কোটি টাকা ব্যয় করতে হতে পারে। এই অর্থের পুরোটাই বহন করতে হবে মালিকদের। ফলে জননিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্য পূরণে নেওয়া উদ্যোগটি বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ বাইকারদের ওপর সৃষ্ট বাড়তি আর্থিক চাপও গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় হয়ে উঠেছে।

সময়সীমা নিয়ে ট্রাফিক পুলিশের বক্তব্য

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার আনিছুর রহমান বলেন, জনস্বার্থেই মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট সংযোজনের নির্দেশনা দেওয়া হয়েছে। মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়। এআই ক্যামেরার মাধ্যমে সংশ্লিষ্ট মোটরসাইকেল শনাক্ত করতে সামনের নম্বর প্লেট জরুরি।

মাত্র এক মাসের সময়সীমার মধ্যে প্রায় ৫০ লাখ মোটরসাইকেলে প্লেট সংযোজনের নির্দেশ দেওয়ায় ব্যবসায়ীরা বাড়তি মুনাফা করছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মুক্তবাজার অর্থনীতিতে এমনটি হওয়ার কথা নয়। বর্তমানে অনেক প্রতিষ্ঠান নম্বর প্লেট তৈরি করছে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই মোটরসাইকেল মালিকেরা প্লেট সংযোজন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তবে বাস্তব পরিস্থিতিতে কেউ নির্ধারিত সময়ের মধ্যে প্লেট লাগাতে না পারলে বিআরটিএকে সময় বাড়ানোর অনুরোধ করা হতে পারে বলেও জানান তিনি।

মোটরসাইকেল মালিকদের সাড়া দেওয়ার প্রশংসা করে আনিছুর রহমান বলেন, নির্দেশনাটি বাস্তবায়নে সবাই যেভাবে সহযোগিতা করছেন, তাতে তাঁরা সন্থষ্ট।

১৫ নভেম্বরের মধ্যে প্লেট লাগানোর নির্দেশ

গত ১৬ অক্টোবর প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল সহজে শনাক্ত করার জন্য সামনের অংশেও নিবন্ধন নম্বরসংবলিত প্লেট সংযোজনের নির্দেশ দেয়। নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ, রং ও উপকরণ অনুসরণ করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্লেট লাগাতে বলা হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটারের সামনের নম্বর প্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। স্কুটার ছাড়া অন্য মোটরসাইকেলের ক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার।

উভয় ধরনের প্লেটে অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। প্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। পটভূমি সাদা এবং নিবন্ধন নম্বরের অক্ষর ও সংখ্যা কালো রঙের হতে হবে। পাশাপাশি বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার এবং প্লেটে কোনো শোভাবর্ধক উপাদান বা নকশা না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এখন প্রশ্ন হলো, সড়কে শৃঙ্খলা ফেরানো ও অপরাধ নিয়ন্ত্রণের এই উদ্যোগ বাস্তবায়নে সাধারণ বাইকারদের সহযোগিতা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের ওপর হঠাৎ তৈরি হওয়া আর্থিক চাপ কমাতে যথেষ্ট সময় ও সাশ্রয়ী ব্যবস্থার সুযোগ দেওয়া হবে কি না?




আরো খবর

সর্বশেষ সংবাদ