চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বই অনুমোদন, বিতর্কে বাদ দাঁড়িপাল্লা
ছবি: সংগৃহীত
আগামী বছর ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। অন্যদিকে, ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি রাখা নিয়ে বিতর্কের জেরে বইটি সংশোধনের উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বইটিতে উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা—এই চারটি স্তরের নাম থাকলেও কোনো প্রতীক বা আইকন থাকবে না। এ ঘটনায় সংশ্লিষ্ট এনসিটিবি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে।
আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এনসিসিসির পৃথক সভায় চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির বইগুলো অনুমোদন দেওয়া হয়। প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে চতুর্থ শ্রেণির ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ এবং ষষ্ঠ শ্রেণির ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ বই দুটি করে অনুমোদন পেয়েছে।
চতুর্থ শ্রেণির বই অনুমোদনের সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ কমিটির অন্য সদস্যরা অংশ নেন।
ষষ্ঠ শ্রেণির বই অনুমোদনের সভায়ও প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন। এতে প্রধান তথ্য কমিশনারসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বাদ পড়ছে দাঁড়িপাল্লা
ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের ‘উপাত্ত ও তথ্য’ পাঠে জ্ঞানের পিরামিডের ধারণা তুলে ধরা হয়েছে। এতে নিচ থেকে ওপরের দিকে উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা—চারটি স্তর দেখানো হয়েছে। প্রতিটি স্তর বোঝাতে আলাদা প্রতীক ব্যবহার করা হয়েছিল। উপাত্তের জন্য পাই চার্ট, তথ্যের জন্য পরমাণু বা নেটওয়ার্কের মতো প্রতীক, জ্ঞানের জন্য মানুষের মস্তিষ্ক এবং প্রজ্ঞার জন্য দাঁড়িপাল্লার ছবি রাখা হয়।
তবে দাঁড়িপাল্লার ছবিটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক ও নির্বাচনি প্রতীকের সঙ্গে মিলে যাওয়ায় বিতর্ক তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে ছবিটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি।
আজ এনসিটিবির সদস্য এ কে এম শওকত আলী খান জানান, নতুন সংস্করণে উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা—চারটি স্তরের নাম থাকবে। তবে কোনো আইকন বা প্রতীক রাখা হবে না। আগামী বছর এভাবেই বইটি শিক্ষার্থীদের হাতে যাবে। পরের বছর বিষয়গুলো আরও পরিমার্জন করা হবে, যাতে কোনো ভুল তথ্য না যায়।
বন্ধ ছাপা, সংগ্রহ করা হবে বিতরণ করা বই
বিতর্কের পরিপ্রেক্ষিতে গত ২২ অক্টোবর রাত থেকে ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের ছাপার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। মাঠপর্যায়ে পাঠানো বইগুলোও সংগ্রহ করে সংশোধনের পর শিক্ষার্থীদের মধ্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এনসিটিবির প্রধান সম্পাদক অধ্যাপক মো. রিয়াজুল ইসলাম জানান, আপাতত বইটির ছাপা বন্ধ রয়েছে। বিতরণের জন্য মাঠপর্যায়ে পাঠানো বইও সংগ্রহ করা হচ্ছে। সেগুলোতে প্রয়োজনীয় পরিমার্জন করে শিক্ষার্থীদের সরবরাহ করা হবে।
ছাপাখানার মালিক ও এনসিটিবি সূত্র জানায়, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ শ্রেণির আইসিটি বই ছাপানো হচ্ছে প্রায় ৩৮ লাখ কপি। বিতর্কিত ছবি থাকা বইগুলোর ছাপা, বাঁধাই ও সরবরাহের কাজ অনেক আগেই শেষ হয়েছে। ফলে মাঠপর্যায়ে পাঠানো বই সংগ্রহ করে সংশোধন করতে বাড়তি সময় ও অর্থ ব্যয় হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
এদিকে, আইসিটি বইয়ে দাঁড়িপাল্লার ছবি ব্যবহারের ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তা মু. আব্দুল্লাহ আল জোবায়েরকে এনসিটিবি থেকে সরিয়ে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে পদায়ন করা হয়েছে। তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। প্রেষণে এনসিটিবির গবেষণা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বোর্ডের লাইব্রেরিয়ানের অতিরিক্ত দায়িত্বেও ছিলেন।
আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে নিজ বেতন ও বেতনক্রমে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক পদে বদলি বা পদায়নের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, তাকে আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় ওই দিন অপরাহ্ণে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। পাশাপাশি নিজ পিডিএসে লগইন করে অবমুক্তি ও যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
আগের বইয়েও বদলেছে প্রতীক
ইংরেজি ‘উইজডম’ (Wisdom) শব্দের বাংলা অর্থ প্রজ্ঞা। তবে ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে শব্দটির বাংলা অর্থ হিসেবে ‘বুদ্ধি’ লেখা হয়েছিল। তখন এর প্রতীক হিসেবেও দাঁড়িপাল্লার ছবি ব্যবহার করা হয়।
২০২৬ শিক্ষাবর্ষের বইয়ে ‘বুদ্ধি’র প্রতীক পরিবর্তন করে মস্তিষ্কের ছবি যুক্ত করে এনসিটিবি। পরে ২০২৭ শিক্ষাবর্ষের বই পরিমার্জনের সময় সংশ্লিষ্ট কমিটি ‘বুদ্ধি’র পরিবর্তে ‘প্রজ্ঞা’ লেখার সুপারিশ করে। সে সময় প্রতীক হিসেবে মস্তিষ্কের ছবি রাখার কথা থাকলেও চূড়ান্ত সংস্করণে তা অনুসরণ করা হয়নি। পরিবর্তে আবারও দাঁড়িপাল্লার ছবি ব্যবহার করা হয়। এ নিয়েই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়।