১৭ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার॥
আপলোড সময় : ২৬-১০-২০২৬
যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত

বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার সকালে। হতভাগ্য ছাত্রের নাম শাহরিয়ার নুর হোসেন জিসান।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করেন।

পরিবার সূত্রে জানা যায়, জিসান জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের শিক্ষার্থী। বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে তিনি এই মর্মান্তিক ঘটনার শিকার হন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গত রোববার দুপুরে চার বন্ধু সিরাজগঞ্জের বেলকুচি এলাকায় ঘুরতে যান। সেখানে গোলামের হোটেলে দুপুরের খাবার খাওয়ার পর তারা যমুনা নদীতে গোসল করতে নামেন। আড়াইটার দিকে নদীতে গোসলের সময় জিসান নরম বালুর মধ্যে পা দিতেই পানিতে তলিয়ে যায়।

এ সময় তার বন্ধু মাহিন হাসান তাকে উদ্ধারের চেষ্টা করে। প্রায় দুই মিনিট ধরে হাত দিয়ে জিসানকে ধরে রাখলেও একপর্যায়ে তিনি হাত ফসকে নদীতে তলিয়ে যান। এরপর থেকেই জিসান নিখোঁজ ছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও এনায়েতপুর থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। রোববার রাতেও তাকে উদ্ধারে তল্লাশি চালানো হয়। পরে সোমবার সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা নদীর তীর থেকে প্রায় ১০০ মিটার দূরে গভীর পানিতে তার মরদেহ খুঁজে পান।

নিহতের বন্ধু মাহিন হাসান বলেন, ‘আমরা চার বন্ধু ঢাকা থেকে ঘুরতে এসেছিলাম। হোটেলে খাওয়াদাওয়া শেষে নদীতে গোসল করতে নামি। আমরা কেউই ভালো সাঁতার জানতাম না। নদীতে কাদাছোড়াছুড়ি করে খেলছিলাম। জিসান যেখানে পা দিয়েছিল, সেখানে বালু নরম ছিল। পা দিতেই সে ডুবে যায়। আমি তাকে প্রায় দুই মিনিট ধরে রেখেছিলাম। পরে হাত থেকে ফসকে নদীর গভীরে চলে যায়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।’

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, রোববার থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছিল। সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।


মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন চৌহালী নৌ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নান।

 




আরো খবর

সর্বশেষ সংবাদ