১৭ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বাড়ছে মানসিক ট্রমা ও কারাকর্তৃপক্ষের চাপ

চূড়ান্ত রায়ের অপেক্ষায় কারাগারে ২৬০০ মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি

আপলোড সময় : ২৬-১০-২০২৬
চূড়ান্ত রায়ের অপেক্ষায় কারাগারে ২৬০০ মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি কৃত্রিম বুদ্ধিমত্ত্বা এআই দিয়ে বানানো প্রতিকী ছবি


বিশেষ প্রতিনিধি॥

নিম্ন ও উচ্চ আদালতে ফাঁসির আদেশ হওয়ার পর চূড়ান্ত রায়ের অপেক্ষায় দেশের বিভিন্ন কারাগারে দিন কাটছে প্রায় ২ হাজার ৬০০ মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির। দীর্ঘসূত্রতার কারণে বছরের পর বছর কনডেম সেলে কাটাতে গিয়ে এসব বন্দি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। আর তাদের উগ্র ও উচ্ছৃঙ্খল আচরণে চরম বিপাকে পড়েছেন কারারক্ষীরা।

দীর্ঘসূত্রতা ও ঝুলে থাকা ডেথ রেফারেন্স:

চাঁদপুরের সিরিয়াল কিলার রসু খাঁ ১১ নারীকে নৃশংসভাবে খুন করলেও ২০১৫ সালে নিম্ন আদালতে মৃত্যুদণ্ড হওয়ার পর উচ্চ আদালতে এখনো তার আপিল বিভাগের চূড়ান্ত শুনানি হয়নি। একইভাবে মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে গত বছরের ১৭ মে হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। মাত্র ১৪ কার্যদিবসে বিচার শেষ হলেও ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছানোর এক বছর পার হলেও মেলেনি কোনো অগ্রগতি।

কারা কর্মকর্তাদের মতে, পেপারবুক তৈরিতে দীর্ঘসূত্রতা এবং আইনি প্রক্রিয়ার কারণে ডেথ রেফারেন্স বছরের পর বছর ঝুলে থাকে। ফলে চূড়ান্ত রায়ের জন্য ৮ থেকে ১২ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় অনেক বন্দিকে। অথচ অনেক ক্ষেত্রে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের অভাবে উচ্চ আদালতে সাজা কমে যাবজ্জীবন কিংবা সম্পূর্ণ খালাসও পেয়ে যান আসামিরা। ব্র্যাক ও সুপ্রিম কোর্টের যৌথ গবেষণায় দেখা গেছে, বিচারিক প্রক্রিয়ার দুর্বলতা ও সাক্ষীর অনুপস্থিতির কারণে নারী ও শিশু নির্যাতন মামলার বড় একটি অংশে আসামিরা মুক্তি পাচ্ছেন।

কারাগারে কেমন থাকেন বন্দিরা?

২৩ জুলাই ২০২৬ তারিখের তথ্য অনুযায়ী, দেশের ৭৪টি কারাগারে বর্তমানে প্রায় ২ হাজার ৬০০ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি রয়েছেন, যার মধ্যে ৭৬ জন নারী। কারাবিধি অনুযায়ী ফাঁসির আসামিদের নির্দিষ্ট কক্ষে রাখা হয়। তবে নিরাপত্তার কৌশলগত কারণে কখনোই জোড় সংখ্যায় বন্দি রাখা হয় না। এ বিষয়ে এক কারা কর্মকর্তা জানান, জোড় সংখ্যা হলে বন্দিরা একত্রে নাশকতার ষড়যন্ত্র করতে পারে, তাই বেজোড় সংখ্যায় বন্দি রাখা হয় যাতে তথ্য পাওয়া সহজ হয়।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (গণমাধ্যম ও উন্নয়ন) মো. জান্নাত উল ফরহাদ জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিরা সাধারণ বন্দিদের তুলনায় আচরণগতভাবে বেশ ভিন্ন ও উগ্র প্রকৃতির হয়ে থাকেন। তাদের সাধারণ বন্দিদের সাথে মিশতে দেওয়া হয় না এবং নির্দিষ্ট এলাকার বাইরে চলাচল সীমাবদ্ধ থাকে। নিয়মানুযায়ী তাদের কোনো কাজও দেওয়া হয় না।

মানসিক স্বাস্থ্য সংকট ও ট্রমা:

বিশেষ করে যারা স্বজন বা আপনজনদের খুন করে জেলে আসেন, তারা শুরু থেকেই মানসিক চাপে থাকেন। পরবর্তীতে আদালতের মৃত্যুদণ্ডাদেশ পাওয়ার পর অনেকেই তীব্র ট্রমাটাইজড হয়ে পড়েন। তবে বন্দিদের মানসিক চিকিৎসার বিষয়ে কারা কর্মকর্তারা হতাশা প্রকাশ করে জানান, সাধারণ চিকিৎসকেরই যেখানে তীব্র সংকট, সেখানে মনোরোগ চিকিৎসক পাওয়া অসম্ভব। গুরুতর মানসিক সমস্যায় আক্রান্তদের কারাগার থেকে সদর হাসপাতালের বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়ে থাকে।

ফাঁসির আইনি প্রক্রিয়া ও চ্যালেঞ্জ:

ফৌজদারি মামলায় মৃত্যুদণ্ড কার্যকরের পূর্বে হাইকোর্টের অনুমোদন বা ‘ডেথ রেফারেন্স’ বাধ্যতামূলক। বিচারিক আদালত থেকে রায় ও নথি হাইকোর্টে আসার পর পেপারবুক প্রস্তুত করে ডেথ রেফারেন্স, জেল আপিল এবং অন্যান্য আবেদন একসঙ্গে শুনানি করা হয়।

কারা কর্তৃপক্ষের মতে, ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত বন্দি নিয়ে এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের ব্যবস্থাপনা করা অত্যন্ত চ্যালেঞ্জিং। বন্দিরা প্রায়ই কারা নির্দেশনা মানতে চায় না। দ্রুত এসব বিচারাধীন মামলার নিষ্পত্তি করা না হলে কারাগারে চাপ কমানো সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




আরো খবর

সর্বশেষ সংবাদ