ক্রসফায়ারের পক্ষে বক্তব্য
আইজিপির অপসারণ ও জবাবদিহি দাবি টিআইবির
Symbolic Image
আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের অনুমতি পেলে পুলিশ ‘ক্রসফায়ারে’ পিছপা হবে না—পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দেওয়া এমন বক্তব্যের তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
মানবাধিকার ও আইনের শাসন রক্ষায় সংস্থাটি এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার, জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং আইজিপির প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে।
একই সঙ্গে জবাবদিহি না হওয়া পর্যন্ত তাঁকে পদ থেকে অপসারণের আহ্বান জানানো হয়েছে।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে টিআইবি উল্লেখ করে, প্রাতিষ্ঠানিক দুর্বলতা মোকাবিলা না করে বিচারবহির্ভূত হত্যাকে অপরাধ দমনের হাতিয়ার হিসেবে তুলে ধরা সংবিধান ও মানবাধিকারে স্বীকৃত মৌলিক অধিকারের প্রতি স্পষ্ট অবজ্ঞা।
‘সরকারের অনুমতি বিচারবহির্ভূত হত্যাকে বৈধতা দেয় না’টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “আইন ও সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনের কথা বলে আবার সরকারের অনুমতি সাপেক্ষে ক্রসফায়ারের কথা বলা সম্পূর্ণ পরস্পরবিরোধী। কোনো সরকারের নির্বাহী অনুমতিই বিচারবহির্ভূত হত্যাকে আইনি বৈধতা দিতে পারে না।” সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে নাগরিকের আইনের আশ্রয়লাভ এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার সুরক্ষিত রাখা হয়েছে। টিআইবি স্পষ্ট করে যে, অপরাধ যত গুরুতরই হোক, বিচারিক প্রক্রিয়া এ এড়িয়ে কারো প্রাণ নেওয়ার এখতিয়ার পুলিশের নেই। পেশাদার তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করাই বাহিনীর কাজ, ক্রসফায়ার উপস্থাপন করা প্রাতিষ্ঠানিক দেউলিয়াত্বেরই শামিল।
অতীতের অপব্যবহার ও সতর্কবার্তাবিবৃতিতে মেজর সিনহা হত্যা, টেকনাফের কাউন্সিলর একরামুল হক হত্যা এবং নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দণ্ডের উদাহরণ টেনে বলা হয়—অতীতে ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের নামে অর্থ আদায়, নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের করুণ অভিজ্ঞতা রয়েছে দেশের। পুলিশ সংস্কারের এই সময়ে পুলিশপ্রধানের এমন বক্তব্য মাঠপর্যায়ে বেআইনি বলপ্রয়োগের প্রচ্ছন্ন সবুজ সংকেত হিসেবে কাজ করতে পারে।
আইন মন্ত্রণালয়ের ঘোষিত অবস্থানের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি আইনমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছিলেন সরকার সন্ত্রাস দমনে বিদ্যমান আইনই ব্যবহার করবে এবং ক্রসফায়ারের পথে হাঁটবে না। তা সত্ত্বেও আইজিপির বিপরীতমুখী অবস্থান নীতিগত অসংগতি তৈরি করে।
গণমাধ্যমের স্বাধীনতা ও আইনি বাধ্যবাধকতাসাংবাদিকদের নিয়ে আইজিপির ঢালাও মন্তব্যের সমালোচনা করে টিআইবি জানায়, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু গণমাধ্যমকে ঢালাওভাবে অভিযুক্ত করা স্বাধীন সাংবাদিকতা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহির পরিবেশকে ক্ষুণ্ণ করে।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, কেবল জীবন রক্ষার অতি-জরুরি ও আনুপাতিক পরিস্থিতিতেই কেবল পুলিশ বলপ্রয়োগ করতে পারে। তাই নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও রাষ্ট্রে আইনের শাসন সুসংহত করতে আইজিপির বক্তব্যের বিষয়ে সরকারের কার্যকর প্রশাসনিক পদক্ষেপ দাবি করেছে টিআইবি।