সিরাজগঞ্জে রেস্তোরাঁর স্বার্থে মহাসড়কে উল্টো পথে গাড়ি, পুলিশ নীরব: ঝুঁকিতে ১৫০০ শিক্ষার্থী, পথচারী
কৃত্রিম বুদ্ধিমত্ত্বা এআই দিয়ে তৈরী প্রতিকী ছবি।
ঢাকা-হাটিকুমরুল মহাসড়কের সিরাজগঞ্জ অংশে বাণিজ্যিক স্বার্থে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারকে উল্টো পথে (রং লেন) চলাচলের সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
হাইওয়ে পুলিশের নীরবতা এবং স্থানীয় রেস্তোরাঁ মালিকদের প্রভাবের কারণে প্রতিদিন চরম দুর্ঘটনার ঝুঁকি নিয়ে পথচলছেন স্থানীয় অন্তত দেড় হাজার শিক্ষার্থী ও পথচারী।
মহাসড়কের পাঁচলিয়া থেকে হাটিকুমরুল মোড় এলাকার দক্ষিণ পাশে গড়ে উঠেছে ‘ন্যাশনাল ফুড ভিলেজ’ ও ‘অ্যারিস্টোক্র্যাট’-এর মতো বেশ কিছু বড় বড় হাইওয়ে রেস্তোরাঁ। এসব রেস্তোরাঁয় যাত্রাবিরতি শেষে দূরপাল্লার বাস ও অন্যান্য যানবাহন নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে ঘুরিয়ে (ইউ-টার্ন) আনার ঝামেলা এড়াতে সরাসরি উল্টো পথে যাতায়াত করছে।
গত কয়েক দিন ধরে এই বেপরোয়া যান চলাচল বন্ধ এবং সড়কের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
স্থানীয় অধিবাসীদের মতে, মহাসড়কের আশপাশের কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১,২০০ থেকে ১,৫০০ জন শিক্ষার্থী প্রতিদিন এই বিপজ্জনক মহাসড়ক পারাপার হয়ে যাতায়াত করে। এলাকায় কোনো ফুটওভার ব্রিজ না থাকায় উল্টো দিক থেকে আসা দ্রুতগামী যানবাহনের কারণে যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ
হাইওয়ে পুলিশের ভূমিকা নিয়ে মারাত্মক অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, নিয়মিত মাসোহারা ও বিশেষ সুবিধার বিনিময়ে হাইওয়ে পুলিশ রেস্তোরাঁগুলোর সামনে উল্টো পথে গাড়ি চালানো দেখেও না দেখার ভান করে থাকে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক স্কুলশিক্ষক বলেন, “হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ রেস্তোরাঁ মালিকদের কাছ থেকে অনৈতিক সুবিধা পায়, তাই তারা নীরব ভূমিকা পালন করছে। লোকদেখানো হিসেবে দু-একটি মামলা দিয়ে তারা দায় সারে। মূলতঃ পুলিশ আমাদের ও আমাদের ছেলেমেয়েদের জীবনের চেয়ে রেস্তোরাঁ মালিকদের ব্যবসা ও স্বার্থই বড় করে দেখছে।”
শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের জীবনের সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজার সংলগ্ন স্থানে অবিলম্বে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান তিনি।
রেস্তোরাঁ মালিক ও পুলিশের বক্তব্য
অভিযোগের বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব বলেন, “যাত্রীবাহী বাস ও গাড়ি না থামলে এসব রেস্তোরাঁর ৪০০ থেকে ৫০০ শ্রমিক বেকার হয়ে পড়বে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে। তাছাড়া চালকদের পক্ষে কয়েক কিলোমিটার দূরে গিয়ে ইউ-টার্ন নেওয়া কষ্টকর। এসব দিক বিবেচনা করে আমরা মাঝে মাঝে কিছুটা নমনীয় দৃষ্টিভঙ্গি দেখাই। তবে আমরা কখনোই উল্টো পথে গাড়ি চালানোকে উৎসাহিত করি না।”
অন্যদিকে, ন্যাশনাল ফুড ভিলেজের মালিক আলামিন হোসেনের দাবি, “মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাটই যারা বন্ধ করতে পারে না, তারা আমাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে? আমরা সংশ্লিষ্ট সকলকে ম্যানেজ করেই ব্যবসা পরিচালনা করছি।”
এ বিষয়ে মতামত নেওয়ার জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলীর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।
দুর্ঘটনা এড়াতে ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বগুড়া হাইওয়ে পুলিশ সুপার, সিরাজগঞ্জের পুলিশ সুপার, জেলা প্রশাসক (ডিসি) এবং সড়ক ও জনপথ বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষকমহল। একই সাথে মহাসড়কের উক্ত পয়েন্টে জরুরি ভিত্তিতে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন তারা।