১৭ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

​‘আইজিপির বিষয়ে দেশে ফিরে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী’

স্টাফ রিপোর্টার॥
আপলোড সময় : ২৭-১০-২০২৬
​‘আইজিপির বিষয়ে দেশে ফিরে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী’ ছবি: সংগৃহীত


সোমবার রাজধানীর চকবাজারের এক অনুষ্ঠানে আইজিপি আলী হোসেন ফকির বলেন, আইন ও সংবিধান অনুযায়ী যেখানে যেমন প্রয়োজন, সেটাই তারা করবেন। সরকার যদি অ্যালাও করে, তবে প্রয়োজনে ক্রসফায়ার করার কথা বলেন তিনি।


পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের 'ক্রসফায়ার' ও সাংবাদিকদের নিয়ে দেওয়া বিতর্কিত মন্তব্যের বিষয়ে সরকারের চূড়ান্ত অবস্থান কী হবে, তা প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশ সফর শেষে দেশে ফেরার পর বিবেচনা করবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
 
মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে পিআইডি সম্মেলনকক্ষে সরকারের কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সোমবার রাজধানীর চকবাজারের এক অনুষ্ঠানে আইজিপি আলী হোসেন ফকির বলেন, আইন ও সংবিধান অনুযায়ী যেখানে যেমন প্রয়োজন, সেটাই তারা করবেন। সরকার যদি অ্যালাও করে, তবে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করার কথা বলেন তিনি।
 
একই সঙ্গে পুলিশের সমালোচনা করা নিয়ে সাংবাদিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং ‘মাদকের টাকা না পেলে’ সাংবাদিকরা পুলিশকে অকার্যকর লেখেন বলে মন্তব্য করেন।
সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’: আইজিপি সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’: আইজিপি 
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারের অবস্থানের বিপরীতে আইজিপির এমন মন্তব্য এবং তার ক্ষমা চাওয়া উচিত কি না—সংবাদ সম্মেলনে সাংবাদিকরা এই প্রশ্ন তোলেন।

জবাবে তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, আইজিপির বক্তব্যের পর সোমবার রাতেই পুলিশ সদর দপ্তর একটি ব্যাখ্যা দিয়েছে। ওই বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে, আইজিপি ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করলেও এর মাধ্যমে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কথা বোঝাননি।
 
উপদেষ্টা বলেন, আইজিপির আগের বক্তব্য থেকে কেউ কেউ ভিন্ন ব্যাখ্যা বা ভুল বার্তা পেলেও তিনি নিজেই তা পরিষ্কার করেছেন। পাশাপাশি সাংবাদিকদের নিয়ে দেওয়া জেনারালাইজড বা সাধারণ মন্তব্যের বিষয়েও তার ব্যাখ্যা রয়েছে।
 
যেহেতু তিনি নিজে থেকে বক্তব্য স্পষ্ট করেছেন, তাই বিষয়টি নিয়ে আর অতিরিক্ত আলোচনার প্রয়োজন নেই বলে তিনি মনে করেন।

সাংবাদিকরা এ সময় প্রশ্ন তোলেন যে, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর সম্প্রতি প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। সে ক্ষেত্রে আইজিপির ক্ষেত্রে সরকার কী পদক্ষেপ নেবে?
 
এর উত্তরে উপদেষ্টা বলেন, ঘটনাটি যেহেতু সম্প্রতি ঘটেছে এবং প্রধানমন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে আছেন, তাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা কোনো পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী দেশে ফিরে এসে নিজে বিবেচনা করবেন।
 
তবে আইজিপি যখন নিজেই তার আগের অবস্থান বা বক্তব্য সংশোধন করে ব্যাখ্যা দিয়েছেন, তখন তার প্রতি অতিরিক্ত কঠোর বা অনুদার হওয়া ঠিক হবে কি না, সেই প্রশ্নও রাখেন উপদেষ্টা।




আরো খবর

সর্বশেষ সংবাদ