১৭ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬৪

আন্তর্জাতিক ডেস্ক॥
আপলোড সময় : ২৮-১০-২০২৬
স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬৪ ছবি: সংগৃহীত


তোলেদো প্রদেশের লস ইয়েবেনেস ও উর্দা শহরের মধ্যবর্তী এলাকায় ট্রেন দুটির দুটি বগি লাইনচ্যুত হয়ে বাঁধের নিচে পড়ে যায়।


স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যবর্তী রেলপথে একই দিকে চলাচলকারী ট্রেন দুটির মধ্যে সংঘর্ষ হয় বলে জানিয়েছে রেল পরিচালনাকারী সংস্থা আদিফ।

কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট এমিলিয়ানো গার্সিয়া-পেজ নিশ্চিত করেছেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৬৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন ৮০ জন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রতিবেদন অনুযায়ী, তোলেদো প্রদেশের লস ইয়েবেনেস ও উর্দা শহরের মধ্যবর্তী এলাকায় ট্রেন দুটির দুটি বগি লাইনচ্যুত হয়ে বাঁধের নিচে পড়ে যায়।

দুর্ঘটনার শিকার ট্রেন দুটির একটি রাষ্ট্রীয় মালিকানাধীন রেনফে এভিই ট্রেন, যাতে ১৪৭ জন যাত্রী ছিলেন। অন্যটি ইতালীয় প্রতিষ্ঠান ইরিওর ট্রেন, যাতে যাত্রী ছিলেন ৩৯৭ জন। পর্যটক ও নিয়মিত যাত্রীদের কাছে জনপ্রিয় মাদ্রিদ-সেভিয়া রুটে চলাচল করছিল ট্রেন দুটি।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, রেনফে ট্রেনটি ইরিও ট্রেনের পেছনে ধাক্কা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইরিও ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয় বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, একটি ট্রেনের বগিগুলো ঢাল বেয়ে নিচে পড়ে গেছে, আর অন্য ট্রেনটি রেললাইনের ওপরই রয়েছে। এ সময় জরুরি বিভাগের কর্মীদের দুর্ঘটনাস্থলে পড়ে থাকা ধ্বংসাবশেষ পর্যবেক্ষণ করতে দেখা যায়।

যাত্রীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বগি থেকে ধোঁয়া ওঠার ভিডিও প্রকাশ করেছেন। বগিটি এক পাশে কাত হয়ে পড়ে ছিল। রেনফে এভিই ট্রেনটি সকাল ৮টায় মাদ্রিদ থেকে ছেড়ে দক্ষিণে সেভিয়ার দিকে যাচ্ছিল। ইরিও ট্রেনটিও একই দিকে যাচ্ছিল।

এবিসি ও এল পাইসকে সূত্র জানিয়েছে, সংকেতব্যবস্থার ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মূল সংকেতব্যবস্থার একটি ত্রুটি মেরামতের কাজে নিয়োজিত এক কর্মী সামনে ইরিও ট্রেন থাকার বিষয়ে রেনফে ট্রেনটিকে সতর্ক করতে ব্যর্থ হয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। তবে এটি প্রাথমিক তথ্যের ভিত্তিতে করা দাবি।




আরো খবর

সর্বশেষ সংবাদ