সলঙ্গায় সরকারি গাছ কেটে ‘মসজিদে দানের’ নামে অর্থ আত্মসাতের অভিযোগ
কৃত্রিম বুদ্ধিমত্ত্বা এআই দ্বারা তৈরী প্রতিকী ছবি
জাকির হোসেন, সলঙ্গা (সিরাজগঞ্জ) থেকে॥
সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন চারা বটতলা থেকে বেতুয়া পর্যন্ত সংযোগ সড়কের দুই পাশের বিভিন্ন প্রজাতির সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় একটি প্রভাবশালী চক্র গাছ বিক্রির এই অর্থ মসজিদের উন্নয়ন তহবিলে দেওয়ার কথা বললেও মূলত বড় অংশ আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের দাবি, কাটা পড়া ইউক্যালিপটাস গাছগুলোর আনুমানিক বাজারমূল্য ৫ থেকে ৬ লাখ টাকা। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে। সচেতন মহল ঘটনার নিরপেক্ষ তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ ও ঘটনাপ্রবাহ
অভিযুক্ত শামীম আকন্দ ও আলহাজ মমতাজ প্রামাণিকের নেতৃত্বে চারা বটতলা থেকে বেতুয়া সড়কের দুই পাশের বিপুল সংখ্যক গাছ কেটে স্থানীয় কাঠব্যবসায়ী আহম্মদ ও আমিরুলের কাছে বিক্রি করা হয়। গাছ কাটার বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ধুবিল ইউনিয়ন ভূমি কার্যালয়ে খবর দেন।
খবর পেয়ে সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে কাটা গাছগুলো জব্দ করেন। পরবর্তীতে চক্রের সদস্যরা বিক্রির অর্থ মসজিদের উন্নয়নকাজে ব্যয় করার অলিখিত প্রতিশ্রুতি দিয়ে গাছগুলো নিয়ে যান। তবে অভিযোগ রয়েছে, মসজিদ কমিটিকে নামমাত্র কিছু টাকা দিয়ে বাকি অর্থ আত্মসাৎ করা হয়েছে।
কী বলছেন স্থানীয় প্রতিনিধি ও সংশ্লিষ্টরা
রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লেবু তালুকদার বলেন, “চারা বটতলা বাজার থেকে বেতুয়া সড়কের প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার গাছ কেটে বিক্রি করা হয়েছে। ভূমি অফিসের নায়েব গাছগুলো আটকালেও অভিযুক্তরা মসজিদে টাকা দেওয়ার কথা বলে কৌশলে সেগুলো নিয়ে যান। কিন্তু মসজিদ কমিটিকে সামান্য কিছু দিয়ে বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে—যা অত্যন্ত দুঃখজনক। আমি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”
গাছগুলোর সাবেক রোপণকারী ও সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, তিনি ওই সড়কের পাশে গাছগুলো রোপণ করেছিলেন, তবে কারা অনুমতি ছাড়া তা কেটেছে সে বিষয়ে তিনি কিছু জানেন না।
স্থানীয় ইউপি সদস্য ছানোয়ার স্বীকার করেন যে গাছগুলো কেটে মসজিদের জন্য নেওয়া হয়েছে, তবে এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আইনি অনুমতি নেওয়া হয়েছিল কি না—সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
অভিযুক্ত কাঠব্যবসায়ী আহম্মদ আলী দাবি করেন, তিনি মসজিদ কমিটির কাছ থেকেই গাছগুলো কিনেছেন। এ সময় ইউপি সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তারা বিষয়টি মধ্যস্থতা করেছেন বলে দাবি করে তিনি এ নিয়ে আর বাড়াবাড়ি না করার হুমকি দিয়ে ফোনের সংযোগ কেটে দেন।
এদিকে অপর অভিযুক্ত শামীম রেজা তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই। আমার রাজনৈতিক অবস্থান ও বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে।”
প্রশাসনের বক্তব্য
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তার সঙ্গে কথা বলে এ ঘটনায় দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”