শাহজাদপুরে খুন, ডাকাতি ও অস্ত্র মামলার আসামী গ্রেপ্তার
ছবি: টিডিএস
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কাসিনাথপুর এলাকা থেকে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মো. আ: ছালামকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্র আইন এবং জুয়া প্রতিরোধ আইনসহ দেশের বিভিন্ন থানায় অন্তত ২০টিরও বেশি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত মো. আ: ছালাম (৫৯) শাহজাদপুর উপজেলার কাশিনাথপুর গ্রামের মৃত ফরজ প্রামাণিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ছালামের বিরুদ্ধে সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর ও পাবনা জেলার বিভিন্ন থানায় ডাকাতি , অস্ত্র আইন এবং জুয়া আইনে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পুলিশ বলেন, দীর্ঘদিন ধরে আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন এই ব্যক্তি।
সংশ্লিষ্ট থানার রেকর্ডপত্র অনুযায়ী, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর অনেকগুলোতে চার্জশিট দাখিল হয়েছে এবং কিছু মামলায় তিনি আদালত থেকে অব্যাহতি পেলেও অধিকাংশ মামলা এখনও বিচারাধীন বা তদন্তাধীন রয়েছে।
এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, ওয়ারেন্ট ভুক্ত আসামিদের ধরতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে ।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
--সেলিম তালুকদার, শাহজাদপুর