কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ: দুদকের নজরদারীতে ডেপুটি কমিশনার সাবরিনা আমিন
ছবি: সংগৃহীত
সরকারি চাকরিতে যোগদানের এক যুগের ব্যবধানে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের উপকমিশনার সাবরিনা আমিনের বিরুদ্ধে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠায় অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ইতিমধ্যেই, রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ফ্ল্যাট, আবাসিক হোটেল, জমি, আবাসন প্রকল্প এবং বিভিন্ন প্রতিষ্ঠানে শেয়ারসহ তাঁর ও পরিবারের সদস্যদের নামে-বেনামে বিপুল সম্পদ গড়ে তোলার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব সম্পদের উৎস, ব্যবসায়িক লেনদেন এবং অর্থের প্রকৃত মালিকানা খতিয়ে দেখছে সংস্থাটি।
দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট নথিতে সাবরিনা আমিন, তাঁর স্বামী মোহাম্মদ বশির মিয়া খাদেম, ভাই রিয়াদ আরাফাত আমিন এবং ভাইয়ের স্ত্রী আফনান এলাহি বৃষ্টির সম্পদ ও আর্থিক লেনদেন নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে।
সাবরিনা আমিন ৩১তম বিসিএসের মাধ্যমে ২০১৩ সালে কাস্টমস ক্যাডারে সরকারি চাকরিতে যোগ দেন। চলতি বছরের জানুয়ারিতে তিনি উপকমিশনার পদে পদোন্নতি পান। তাঁর কর্মপরিচিতি নম্বর ৩০০৩৩৬।
দুদকের নথিতে উল্লেখ করা স্থাবর সম্পদের তালিকায় রাজধানীর বনানীতে চারটি ফ্ল্যাট, পূর্বাচলে একটি প্লট, ধানমন্ডির দুটি ঠিকানায় মোট ১১টি ফ্ল্যাট এবং উত্তরা ৭ নম্বর সেক্টরে একটি নয়তলা ভবনে আবাসিক হোটেলের তথ্য রয়েছে। ধানমন্ডির রোড-২-এর ৯ নম্বর বাড়িতে পাঁচটি এবং রোড-১-এর ১৩/খ নম্বর বাড়িতে ছয়টি ফ্ল্যাট থাকার কথা বলা হয়েছে। এসব সম্পদের মালিকানা ও অর্জনের উৎস যাচাই করা হচ্ছে বলে জানা গেছে।
সরকারি চাকরির পাশাপাশি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁর বিনিয়োগের তথ্যও উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, ‘মিউচুয়াল প্রপার্টিজ লিমিটেড’-এ তাঁর ৮৬ হাজার শেয়ার, ‘মিউচুয়াল মাল্টি অ্যাগ্রো লিমিটেড’-এ ১ হাজার ৫০০ শেয়ার এবং ‘মিউচুয়াল অ্যাপারেলস লিমিটেড’-এ ১ হাজার শেয়ার রয়েছে। এ ছাড়া ‘মিউচুয়াল লিভিং লিমিটেড’-এর অন্তত ৩০০ কোটি টাকার আবাসন প্রকল্পের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে। গুলশান-১-এর ৪২ নম্বর প্লট এবং ধানমন্ডির ৭ নম্বর সড়কের ২ নম্বর প্লটে প্রতিষ্ঠানটির প্রকল্প চলমান বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
‘মিউচুয়াল অ্যাপারেলস লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাঁর ভাই রিয়াদ আরাফাত আমিনের নাম রয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সম্পত্তির অতিমূল্যায়ন দেখিয়ে জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে শতকোটি টাকার ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে। কারখানার যন্ত্রপাতি কেনার নামে সিঙ্গাপুরে ২৬ লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগও রয়েছে। পাশাপাশি ঋণের শর্ত লঙ্ঘন করে প্রতিষ্ঠানের স্টিল ভবনের তৃতীয় তলার ৭২ হাজার বর্গফুট জায়গা বিক্রির অভিযোগ উঠেছে। এসব বিষয়ে জনতা ব্যাংক পৃথক তদন্ত করছে বলে সংশ্লিষ্ট তথ্য থেকে জানা গেছে।
সাবরিনার ভাই রিয়াদ আরাফাত আমিনের বিরুদ্ধেও একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। পদ্মা গ্রুপ ও দিলকুশার ইউনুস সেন্টারের মালিক খান মোহাম্মদ আমীর হোসেনের স্বাক্ষর জাল করার পাশাপাশি আয়কর নথিতে ২৫ কোটি টাকা প্রদর্শনের মাধ্যমে রাজস্ব ফাঁকির অভিযোগও রয়েছে। এ ছাড়া সাবরিনার ভাইয়ের স্ত্রী আফনান এলাহি বৃষ্টি'র কাছে ৩০ কোটি টাকা নগদ থাকার তথ্য পাওয়া গেছে বলে দুদক সূত্র জানা গেছে। ওই অর্থের বৈধ উৎস এবং প্রকৃত মালিকানা নিয়েও প্রশ্ন তুলেছে অনুসন্ধান-সংশ্লিষ্টরা।
সাবরিনার স্বামী মোহাম্মদ বশির মিয়া খাদেম একটি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক। অভিযোগে প্রকাশ, ২০২৪ সালের ২ এপ্রিল তিনি এক দিনেই আট কোটি টাকার শেয়ার কেনেন। এই বিনিয়োগের অর্থের উৎস হিসেবে সাবরিনা আমিনের নাম উল্লেখ রয়েছে। এ ছাড়া স্বামীর নামে পরিচালিত ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসন প্রকল্পের প্রকৃত নিয়ন্ত্রণ কার হাতে, তা নিয়েও অনুসন্ধান চলছে। ধানমন্ডির সাতমসজিদ রোডে অ্যাপোলো হাসপাতাল-সংলগ্ন একটি প্লটে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ভবনের বিষয়েও রয়েছে নানা অভিযোগ।
সাবরিনা আমিনের বিরুদ্ধে কাস্টমস ও ভ্যাট বিভাগের সাবেক কমিশনার একেএম নূরুজ্জামানের কাছ থেকে ৮৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। নগদ ও বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে ওই অর্থ লেনদেন হয়েছে বলে অভিযোগে প্রকাশ। এই অর্থের উৎস, লেনদেনের উদ্দেশ্য এবং ধামরাইয়ের কালামপুর মৌজায় ২০ একর জমি কেনার সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট একজন পরিচালক জানিয়েছেন, অভিযোগটি কমিশনের তফসিলভুক্ত হওয়ায় যাচাই-বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একজন সিনিয়র কর্মকর্তা বিষয়টি নিয়ে কাজ করছেন।
এদিকে অভিযোগের বিষয়ে সাবরিনা আমিন জানান, এসব সম্পত্তি পৈতৃক ও উত্তরাধিকারসূত্রে পাওয়া। তাঁর বাবা ব্যবসায়ী ছিলেন এবং ‘আরাম নারিকেল তেল’ কোম্পানির মালিক ছিলেন। সাবরিনা আমিনের ভাষ্য, পারিবারিক সম্পত্তি বণ্টননামার মাধ্যমে তিনি পেয়েছেন এবং এসব তথ্য তাঁর আয়কর নথিতেও উল্লেখ রয়েছে। সরকারও বিষয়টি সম্পর্কে অবগত বলে তিনি দাবি করেন । তাঁর মতে, আয়কর নথিসহ সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করলে সম্পদের উৎস সম্পর্কে বিষয়টি পরিষ্কার হবে।