মিরপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত
ছবি: সংগৃহীত
বুধবার সকালে মিরপুরের দিয়াবাড়ির নবাবেরবাগ এলাকায় এশিয়ান ইউনিভার্সিটির একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম।
সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ঘটা এই দুর্ঘটনার খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্য কেউ আহত হননি।
পরে মরদেহগুলো শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।