সিরাজগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
প্রতিকী ছবি
সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বকুল মিয়া (২৯) দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার কৃষ্ণপুর মরিচা গ্রামের মোঃ মোনতাজের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না, পলাতক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় দিনাজপুর থেকে নারায়ণগঞ্জগামী শ্যামলী পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১১-৫১৩০) তল্লাশি চালিয়ে যাত্রী বকুল মিয়ার বহন করা স্কুলব্যাগ থেকে ৪৪ বোতল অবৈধ ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।