উত্তরে ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, উদ্ধার ১০৩ আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ
ছবি: টিডিএস
উত্তরাঞ্চলে ৬৫ জন চরমপন্থীর আত্মসমর্পণের পর সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।
আত্মসমর্পণকারীদের দেওয়া তথ্য এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ব্যাটালিয়নটি।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায় এসআরবি-১২-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক আতিকুর রহমান মিয়া।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ নভেম্বর এসআরবি-১২-এর উদ্যোগে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার মোট ৬৫ জন চরমপন্থী আত্মসমর্পণ করেন। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য এবং ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরবর্তী সময়ে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসব অভিযানে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং আটটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।
এসআরবি-১২ জানায়, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা থানা এলাকা এবং পাবনার সাঁথিয়া ও আতাইকুলা থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।