১৭ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

​গরম ইস্ত্রি দিয়ে শিক্ষার্থী‌কে ছ্যাঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি॥
আপলোড সময় : ০৯-১১-২০২৬
​গরম ইস্ত্রি দিয়ে শিক্ষার্থী‌কে ছ্যাঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে এক‌টি মাদ্রাসায় ওসমান গনি নাঈম না‌মে ৯ বছর বয়সী এক শিক্ষার্থীকে গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভি‌যোগ উঠে‌ছে।‌ রোববার রাতে চেরাগ আলী এলাকায় মিফতাহুল মাদ্রাসায় ঘটনাটি ঘ‌টে।

এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক রাব্বি হোসেনকে (২৫) গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। তি‌নি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বাসিন্দা। তিনি ঘটনার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শিক্ষার্থীর স্বজন ও মামলা সূত্রে জানা গেছে, টঙ্গীর চেরাগআলী এলাকার ওই মাদ্রাসায় ওসমান গণিকে বুধবার বিকেলে শিক্ষক রাব্বি হোসেন গরম ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে (নিতম্বে) ছ্যাঁকা দিয়ে নির্যাতন করেন। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির মা তাকে বাড়িতে নিতে মাদ্রাসায় যান। এ সময় সে তার মাকে বিষয়টি খুলে বলে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা রোববার রাতে টঙ্গী পূর্ব থানা পুলিশকে বিষয়টি জানান এবং লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাব্বি হোসেনকে আটক করে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ঘটনাটি জানার পরপরই মাদ্রাসা শিক্ষককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ওই শিক্ষক প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছেন।

তিনি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মাদ্রাসা ছাত্রের দায়ের করা মামলার অভিযোগে রাব্বি হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।




আরো খবর

সর্বশেষ সংবাদ