১৭ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

​উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়নের দাবি

রাজ মোস্তফা॥
আপলোড সময় : ১১-১১-২০২৬
​উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়নের দাবি ছবি: টিডিএস

এই রোগে ২০২৪ সালে দেশে ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষের মৃত্যু, ৫২ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ

উচ্চ রক্তচাপজনিত হৃদ্‌রোগ ও অকালমৃত্যুর ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, পর্যাপ্ত অর্থায়নের অভাবে সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে উচ্চ রক্তচাপের বিনামূল্যের ওষুধ সরবরাহ ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় স্বাস্থ্য বাজেটে উচ্চ রক্তচাপ ও অন্যান্য অসংক্রামক রোগ (এনসিডি) নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিতে হবে।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বিআইপি (BIP) সম্মেলনকক্ষে ‘বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন: অগ্রগতি, প্রতিবন্ধকতা ও করণীয়’ শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে। এতে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের ২৫ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে হৃদ্‌রোগ ও রক্তনালিসংক্রান্ত রোগে প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর ৫২ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ।

বক্তারা জানান, দেশে প্রতিবছর বিভিন্ন অসংক্রামক রোগে প্রায় ৫ লাখ ৭০ হাজার ২৬৩ জনের মৃত্যু হয়, যা মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ। এসব মৃত্যুর প্রায় ১৯ শতাংশই অকালমৃত্যু।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘স্বাস্থ্য ও অসুস্থতা পরিস্থিতি জরিপ ২০২৫’-এর তথ্য অনুযায়ী, দেশের শীর্ষ ১০টি রোগের মধ্যে উচ্চ রক্তচাপের অবস্থান প্রথম। অথচ বিশ্বব্যাংকের তথ্য অনুসারে, জাতীয় স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে।

কর্মশালায় বলা হয়, পর্যাপ্ত অর্থায়নের অভাবে কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারগুলোতে উচ্চ রক্তচাপের বিনামূল্যের ওষুধ নিয়মিত সরবরাহ করা যাচ্ছে না। ফলে সরকারি স্বাস্থ্যসেবার ওপর নির্ভরশীল রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা পেতে সমস্যায় পড়ছেন।

স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ডা. মো. এনামুল হক বলেন, চলতি বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দের হার ৫ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৪ শতাংশ করা হয়েছে, যা ইতিবাচক। এখন এই বর্ধিত বরাদ্দের একটি অংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যয় করা জরুরি।

চ্যানেল টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়নের গুরুত্ব তুলে ধরতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রচার-প্রচারণা চালিয়ে যেতে হবে।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিএইচএআইয়ের অসংক্রামক রোগবিষয়ক সহযোগী পরিচালক এজিনে এজেকওয়েম, বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদ্দুস, অ্যান্টি-টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের (আত্মা) আহ্বায়ক মোর্তজা হায়দার লিটন এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের।

কর্মশালায় বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন প্রজ্ঞার প্রোগ্রাম প্রধান হাসান শাহরিয়ার এবং প্রোগ্রাম কর্মকর্তা সামিহা বিনতে কামাল।




আরো খবর

সর্বশেষ সংবাদ