প্রতিকী ছবি
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কর্মকর্তা মো. জিলানী চৌধুরীর পদাবনতি হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা পদ থেকে তাকে নামিয়ে দেওয়া হয়েছে অফিস সহকারী পদে।
২০২৪ সালে দায়ের করা বিভাগীয় মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ার পর সুপ্রিম কোর্ট প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ বিষয়ে অফিস আদেশ জারি করেন। ইতিমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে এবং মো. জিলানী চৌধুরীর চাকরির খতিয়ানেও পদাবনতির বিষয়টি নথিভুক্ত করা হয়েছে।
সুপ্রিম কোর্টের (হাইকোর্ট বিভাগ) কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৩-এর ৪(১)(ঘ) বিধি অনুযায়ী তাকে নিম্নতর পদে অবনমন করা হয়। এখন থেকে তাকে প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব ছেড়ে অফিস সহকারী হিসেবে কাজ করতে হবে।