ঢাকায় তিন ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার প্রমাণ, বন্ধ ৪ ডিসপেন্সিং ইউনিট
ছবি: সংগৃহীত
গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহের প্রমাণ পাওয়ায় রাজধানীর তিনটি ফিলিং স্টেশনের চারটি তেল সরবরাহকারী ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে জ্বালানি তেল পরিমাপে এ অনিয়ম শনাক্ত করে সংস্থাটি।
বিএসটিআইয়ের অভিযানে মালিবাগ অটো সার্ভিসে তিনটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে একটিতে নির্ধারিত পরিমাণের চেয়ে কম ডিজেল সরবরাহের প্রমাণ পাওয়া যায়।
অন্যদিকে, টিকাটুলীর এ হক অ্যান্ড কোম্পানির তিনটি ইউনিট পরীক্ষা করে একটিতে কম পরিমাণ অকটেন সরবরাহের প্রমাণ মেলে।
এ ছাড়া, খিলগাঁওয়ের কিকো পেট্রোলিয়াম অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনে পাঁচটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে দুটি অকটেন সরবরাহকারী ইউনিটে পরিমাপে অনিয়ম শনাক্ত করেন কর্মকর্তারা।
পরে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে কম জ্বালানি সরবরাহের দায়ে ত্রুটিপূর্ণ চারটি ইউনিট বন্ধ করে দেয় বিএসটিআই।
অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআইয়ের মেট্রোলজি বিভাগের উপপরিচালক মো. লুৎফর রহমান। এ সময় একই বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন এবং পরীক্ষক (কেমিস্ট্রি, মেট্রোলজি) মিলন হোসেন উপস্থিত ছিলেন।
বিএসটিআই জানিয়েছে, জ্বালানি তেল পরিমাপে কারচুপি ও ভোক্তাস্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকরা যাতে সঠিক পরিমাণে জ্বালানি পান, তা নিশ্চিত করতে নিয়মিত পরিমাপযন্ত্র পরীক্ষা ও পর্যবেক্ষণ করা হচ্ছে।