দারিদ্র্যসীমার ওপরে থাকা আরও ২ কোটি মানুষ ঝুঁকিতে; উন্নয়নের সুফল সমানভাবে পৌঁছানোর তাগিদ দেবপ্রিয় ভট্টাচার্যের
অর্থনৈতিক অগ্রগতি সত্ত্বেও বাংলাদেশে দারিদ্র্য ও সামাজিক বৈষম্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। দেশে এখনো প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। তাদের মধ্যে প্রায় এক কোটি মানুষ চরম দারিদ্র্যের শিকার। এ ছাড়া দারিদ্র্যসীমার ওপরে উঠে আসা অন্তত দুই কোটি মানুষ পুনরায় দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছে।
দারিদ্র্যের হার কমলেও দরিদ্র মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের ১৮ কোটি মানুষের মধ্যে প্রায় সাড়ে তিন কোটি এখনো দারিদ্র্যসীমার নিচে রয়েছে। এদের মধ্যে প্রায় এক কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছে। অন্যদিকে, দারিদ্র্যসীমার ওপরে উঠে আসা অন্তত দুই কোটি মানুষও অর্থনৈতিকভাবে নিরাপদ নয়। তারা টানা দুই দিন কাজ করতে না পারলে আবার দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারে। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রকাশিত শ্বেতপত্রেও এ ধরনের ঝুঁকির চিত্র উঠে এসেছে।
তিনি বলেন, গত ৫৫ বছরে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে সামাজিক রূপান্তর ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়নি। এর অন্যতম কারণ, সমাজের সবচেয়ে অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে অর্থনীতি ও সামাজিক উন্নয়নের মূলধারায় যথাযথভাবে সম্পৃক্ত করা সম্ভব হয়নি।
যুব বেকারত্বের চিত্র তুলে ধরে দেবপ্রিয় বলেন, দেশে প্রতি চারজন যুবকের একজন বেকার। শিক্ষিত যুবকদের ক্ষেত্রে এ হার প্রতি তিনজনে একজন। কর্মসংস্থানের এই পরিস্থিতি অর্থনৈতিক অগ্রগতির সুফলকে প্রশ্নের মুখে ফেলছে।
তিনি বলেন, মানুষের গড় আয়ু প্রায় ৭৪ বছরে পৌঁছানো বাংলাদেশের একটি বড় অর্জন। তবে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে শিশুমৃত্যুর হার তুলনামূলক বেশি। এসব পরিবারের শিশুদের মধ্যে স্কুল থেকে ঝরে পড়া ও শিশুশ্রমের প্রবণতাও রয়েছে। ফলে শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সমান সুযোগ নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পরিচ্ছন্নতাকর্মী, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, উত্তরবঙ্গের মরুকরণপ্রবণ এলাকার বাসিন্দা এবং উপকূলীয় জনগোষ্ঠীসহ বিভিন্ন পিছিয়ে পড়া অংশ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে তুলনামূলকভাবে বঞ্চিত। দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন হলেও এসব জনগোষ্ঠীর কাছে উন্নয়নের সুফল সমানভাবে পৌঁছায়নি।
তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত মানুষ অপশাসন, দুর্নীতি ও স্বজনপ্রীতির শিকার হন বেশি। প্রশাসন, রাজনৈতিক কাঠামো এমনকি নাগরিক সমাজ থেকেও অনেক সময় তারা যথাযথ মর্যাদা ও ন্যায্যতা পান না।
সমাজের অগ্রসর অংশ পিছিয়ে পড়া মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা না রাখলে একসময় তাদের নিজেদের অর্জনও ঝুঁকির মুখে পড়বে বলে সতর্ক করেন তিনি। এতে গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
দেবপ্রিয় বলেন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার দায়িত্ব শুধু নাগরিক সমাজ বা বেসরকারি উদ্যোক্তাদের নয়; জনপ্রতিনিধিদেরও এ ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখতে হবে। যেসব মানুষের ভোটে তাঁরা নির্বাচিত হয়েছেন, সেই জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও স্বার্থ রক্ষায় তাঁদের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি মনে করেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ গুরুত্ব দেওয়া জরুরি।