১৭ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

​সঞ্চয় শূন্যের কোঠায়, বাড়ছে ঋণের বোঝা

আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয়ে খাদের কিনারে মধ্যবিত্ত

টিডিএস ডেস্ক॥
আপলোড সময় : ১২-১১-২০২৬
আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয়ে খাদের কিনারে মধ্যবিত্ত প্রতিকী ছবি

জীবনযাত্রার লাগামহীন ব্যয় মেটাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে রাজধানীর লাখ লাখ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার। একদিকে ফুরিয়ে আসছে জমানো সঞ্চয়, অন্যদিকে বাড়ছে ঋণের বোঝা। তীব্র এই আর্থিক অনিশ্চয়তা তাদের মানসিক স্বাস্থ্যের ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।

বেসরকারি চাকরিজীবী সেলিম হোসেনের মাসিক আয় ৩৫ হাজার টাকা। এই সামান্য আয়ে সংসার চালানোই এখন তাঁর জন্য বড় চ্যালেঞ্জ। শুধু বাসা ভাড়াতেই তাঁর খরচ হয় ১৮ হাজার টাকা। এর সঙ্গে বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল যোগ করলে মাসের শুরুতেই বেতনের অর্ধেকের বেশি টাকা শেষ হয়ে যায়।

বাকি টাকায় সন্তানদের পড়াশোনা, নিয়মিত ওষুধ আর নিত্যপ্রয়োজনীয় বাজার খরচ মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্রায়ই মাস শেষ হওয়ার আগেই হাত খালি হয়ে যাওয়ায় সংসার চালাতে বাধ্য হয়ে দীর্ঘমেয়াদি ডিপিএস (সঞ্চয় স্কিম) ভেঙে ফেলতে হয়েছে তাঁকে। অনেক সময় আত্মীয়-স্বজনের কাছ থেকেও ধারকর্জ করতে হচ্ছে।

সেলিম হোসেনের এই জীবনসংগ্রাম আসলে ঢাকার অগণিত মধ্যবিত্ত পরিবারের বর্তমান আর্থিক দুর্দশারই প্রতিচ্ছবি।

জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়তে থাকায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর পক্ষে সাধারণ মানের জীবনযাপন বজায় রাখাও দিন দিন কঠিন হয়ে পড়ছে। সঞ্চয় ফুরিয়ে যাওয়ায় বাড়ছে আর্থিক নিরাপত্তাহীনতা ও মানসিক চাপ।

মানসম্মত খাবার, মাছ ও মাংস কেনা এখন অনেকের কাছেই বিলাসিতায় পরিণত হয়েছে। বহু পরিবার কম দামি শাকসবজি ও সস্তা খাবারের ওপর নির্ভর করে কোনোমতে দিন পার করছে। পরিবারের মৌলিক চাহিদা মেটাতে গিয়ে অনেকে নিজের চিকিৎসা খরচও কমিয়ে দিচ্ছেন।

আর্থিক অনটনের মধ্যেও সামাজিক মর্যাদা ধরে রাখার চাপ এবং ক্রমবর্ধমান ঋণের বোঝা মধ্যবিত্ত পরিবারগুলোর ভেতরে তীব্র মানসিক ও মনস্তাত্ত্বিক অস্থিরতা তৈরি করছে।

আরেক বেসরকারি চাকরিজীবী রাসেল ইসলাম জানান, তাঁর পরিবারের মাসিক বাজার খরচ প্রায় দ্বিগুণ হয়ে গেছে। তিনি বলেন, "আগে ১৪ থেকে ১৮ হাজার টাকার মধ্যে আমাদের মাসের বাজার হয়ে যেত। এখন তা বেড়ে ৩০ থেকে ৩২ হাজার টাকায় দাঁড়িয়েছে।"

মাছ ও মাংস ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় খাদ্য বাজেট থেকে বড় অংশ কাটছাঁট করতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি। ফলে কেবল বেঁচে থাকার তাগিদে কম দামি খাবারের ওপর নির্ভর করতে হচ্ছে, যা দীর্ঘমেয়াদে পুষ্টিহীনতার ঝুঁকি তৈরি করছে।

বেসরকারি চাকরিজীবী কাজী রফিক জানান, তাঁর নিজের বেতন এবং বাবার পেনশন মিলিয়ে পরিবারের মোট মাসিক আয় ৪৫ হাজার টাকা। তিনি বলেন, "অথচ প্রতি মাসে শুধু বাসা ভাড়া আর গ্যাস-বিদ্যুৎ বিলেই ৩২ থেকে ৩৫ হাজার টাকা চলে যায়।"

আর্থিক চাপ সামলাতে অনেক পরিবার তাদের সন্তানদের ব্যয়বহুল স্কুল থেকে ছাড়িয়ে কম খরচের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছে। বিনোদন, সাপ্তাহিক ছুটিতে ঘুরতে যাওয়া কিংবা উৎসবের কেনাকাটা এখন তাদের বাজেট থেকে প্রায় উধাও হয়ে গেছে। সবচেয়ে বড় আঘাত এসেছে স্বাস্থ্যসেবায়; বিপুলসংখ্যক পরিবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা পিছিয়ে দিচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসাও এড়িয়ে চলছে।

সমাজ বিশ্লেষকরা বলছেন, নিম্ন আয়ের মানুষেরা অনেক সময় প্রকাশ্যে সহায়তা চাইতে পারেন কিংবা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যের পণ্যসহ সরকারি-বেসরকারি বিভিন্ন ত্রাণ কর্মসূচির সুবিধা নিতে পারেন। কিন্তু মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলো সামাজিক অবস্থান ও আত্মমর্যাদার কথা ভেবে মুখ ফুটে কিছু বলতে পারে না। ফলে তারা নীরবে সংগ্রাম চালিয়ে যায় এবং জমানো সঞ্চয় ও সঞ্চয়পত্র ভেঙে নিঃশেষ হওয়ার পর আরও গভীর আর্থিক ও মানসিক বিপর্যয়ে পড়ে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, সাম্প্রতিক সময়ে সার্বিক ও খাদ্য মূল্যস্ফীতির গতি কিছুটা কমলেও খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যবৃদ্ধির চাপ অব্যাহত রয়েছে। একই সময়ে মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার অনেক কম থাকায় মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতার ওপর দীর্ঘস্থায়ী চাপ সৃষ্টি হয়েছে।

অর্থনীতিবিদ ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, কয়েক বছর ধরে চলা উচ্চ মূল্যস্ফীতি জীবনযাত্রার ব্যয় অনেক বাড়িয়ে দিয়েছে, যা সাধারণ মানুষের ভোগ ও চাহিদা কমিয়ে দিয়েছে। মূল্যস্ফীতির এই চাপের পেছনে সরবরাহ ব্যবস্থায় কারসাজি, ডলার সংকটের কারণে আমদানিকৃত কাঁচামালের উচ্চমূল্য এবং অকার্যকর বাজার ব্যবস্থাপনাকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন তিনি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক পটপরিবর্তন হলেও বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট ও প্রভাবশালী গোষ্ঠীগুলো ভেঙে পড়েনি; বরং কেবল হাতবদল হয়েছে। এর আর্থিক বোঝা শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের ঘাড়েই চাপছে। দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা এবং আরও কার্যকর বাজার তদারকি ছাড়া এই সংকট কাটিয়ে ওঠা কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি।

অর্থনীতিবিদদের মতে, ক্রমবর্ধমান মধ্যবিত্তের এই সংকট মোকাবিলায় কেবল সাময়িক রেশনিং বা স্বল্পমেয়াদি ত্রাণ সহায়তা যথেষ্ট নয়। তাঁরা বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া, অর্থ সরবরাহ ও সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখা, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে করমুক্ত আয়ের সীমা পুনর্নির্ধারণ এবং মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য শক্তিশালী সামাজিক সুরক্ষা বলয় ও সাশ্রয়ী আর্থিক সহায়তা চালুর ওপর জোর দিয়েছেন।

তাঁরা সতর্ক করে বলেছেন, সমন্বিত পদক্ষেপ নেওয়া না হলে দেশের মধ্যবিত্ত শ্রেণির অর্থনৈতিক ভিত্তি আরও নড়বড়ে হয়ে পড়বে, যা সমাজের এই গুরুত্বপূর্ণ অংশের আর্থিক স্থিতিশীলতাকে মারাত্মক হুমকির মুখে ফেলবে।




আরো খবর

সর্বশেষ সংবাদ