ঠাকুরগাঁওয়ে আলুর ন্যায্যমূল্য না পেয়ে কৃষকরা হতাশ, কেজিতে ক্ষতি ৬ টাকা
ছবি: টিডিএস
ঠাকুরগাঁওয়ে আলুর ন্যায্যমূল্য না পেয়ে গভীর হতাশায় পড়েছেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। ভালো দামের আশায় হিমাগারে আলু মজুত করলেও এখন হিমাগার ভাড়া, পরিবহন ও অন্যান্য খরচ মিলে প্রতি কেজির পেছনে ব্যয় দাঁড়িয়েছে ১৯–২০ টাকা, অথচ তা বিক্রি করতে হচ্ছে মাত্র ১৪ টাকায়। ফলে প্রতি কেজিতে ৫ থেকে ৬ টাকা লোকসান গুনে দিশেহারা হয়ে পড়েছেন সংশ্লিষ্টরা। হিমাগারগুলোতে এখনও আটকে রয়েছে প্রায় ১ লাখ ৫ হাজার মেট্রিক টন আলু, যা বাজারজাত বা রপ্তানি করা না গেলে এ খাতের বিনিয়োগকারীরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ঠাকুরগাঁওয়ে ৩০ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছিল প্রায় ৩৭ হাজার হেক্টরে—যার মধ্যে ১০ হাজার হেক্টর ছিল আগাম জাতের আলু। তবে ভরা মৌসুমে মাঠে আলুর দর কেজিপ্রতি ১০ থেকে ১২ টাকায় নেমে আসায় বেশিরভাগ চাষী আলু হিমাগারমুখী করেন। কিন্তু বাজারের মন্দা ভাব ও আশানুরূপ চাহিদা না থাকায় জেলার ১৯টি হিমাগারে গচ্ছিত বিপুল আলুর বড় একটি অংশ এখনও খালাস হয়নি।
ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি এলাকার আলুচাষী আরমান হোসেন বলেন, “মাঠে ভালো দাম না পাওয়ায় আলুর ন্যায্যমূল্যের আশায় হিমাগারে রেখেছিলাম। এখন হিমাগার ভাড়া আর আনুষঙ্গিক খরচ যোগ হয়ে কেনা-পাড়ার দর ২০ টাকা ছুঁয়েছে, কিন্তু বিক্রি করতে হচ্ছে ১৪ টাকায়। এত বড় লোকসান কীভাবে সামাল দেব বুঝতে পারছি না।”
টানা কয়েক মৌসুম ধরে লোকসান গুনতে থাকা রানীশংকৈল উপজেলার কৃষক ও ব্যবসায়ী মোহাম্মদ ওয়াহাব বলেন, “গত তিন মৌসুম ধরে হিমাগারে আলু রেখে ধরা খাচ্ছি, এবার চতুর্থবারও একই অবস্থা। মূলধন হারিয়ে এখন পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এভাবে কৃষকরা ন্যায্যমূল্য না পেলে আগামীতে আলু চাষ থেকেই মুখ ফিরিয়ে নেবে। অবিলম্বে বাজারের দর স্থিতিশীল করতে সরকারি পদক্ষেপ দরকার।”
সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের ব্যবসায়ী শামসুজ্জোহা জানান, বছরের এই সময়ে হিমাগার থেকে দেদার আলু বের হওয়ার কথা থাকলেও চাহিদার অভাবে দুই-তৃতীয়াংশ আলুই হিমাগারে বন্দি হয়ে আছে। দ্রুত বাজারজাত করা না গেলে পচে বা পচে যাওয়া দর কমলে লোকসানের মাত্রা আরও বাড়বে।
ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মদ আলমগীর কবির জানান, কৃষকরা বাড়তি মুনাফার আশায় হিমাগারে আলু মজুত করেছিলেন। তবে বাজারে চাহিদা কম থাকায় দাম পড়ে গিয়ে তারা ক্ষতির মুখে পড়েছেন।
এমতাবস্থায় বাজারের ওপর চাপ কমাতে এবং কৃষকের বিনিয়োগ ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগে দ্রুত আলু রপ্তানির সুযোগ সৃষ্টি ও দেশের বিভিন্ন স্থানে বাজারজাতকরণ সহজ করার জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক ও ব্যবসায়ীরা।
--তরুণ কান্তি, ঠাকুরগাঁও