১৭ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

​এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার দাবি বাংলাদেশ-ভুটান-নেপালের

বিশেষ প্রতিবেদক॥
আপলোড সময় : ১৫-১১-২০২৬
​এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার দাবি বাংলাদেশ-ভুটান-নেপালের ছবি: সংগৃহীত

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার দাবি উঠেছে। দেশ তিনটির প্রতিনিধিরা বলেছেন, উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন মানেই জলবায়ু ঝুঁকি থেকে মুক্তি নয়। তাই এলডিসি উত্তরণের পরও দেশগুলোর জন্য পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য ও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের সুযোগ নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে হিমবাহ গলে যাওয়া, মৌসুমি বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন, আন্তসীমান্ত নদীর প্রবাহে তারতম্য, চরম আবহাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততা অনুপ্রবেশের মতো অভিন্ন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন তাঁরা।

শনিবার তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনস্থলে ‘ফ্রম শেয়ার্ড ভালনারেবিলিটি টু রেজিলিয়েন্স ইন বিবিএন: অ্যাডভান্সিং অ্যাডাপটেশন অ্যান্ড ফাইন্যান্স প্রায়োরিটিজ অ্যাট কপ-৩১’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি) এবং ক্লাইমেট জাস্টিস অ্যালায়েন্স-বাংলাদেশ (সিজেএ-বি) যৌথভাবে এ আয়োজন করে।

অনুষ্ঠানে বাংলাদেশ, ভুটান ও নেপালের সরকারি প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। জাতিসংঘের জলবায়ু আলোচনায় অভিযোজন ও অর্থায়নের ক্ষেত্রে ঝুঁকির বাস্তবতা ও ভঙ্গুরতাকে অগ্রাধিকার দেওয়ার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, ভৌগোলিক ও অর্থনৈতিক অবস্থানের ভিন্নতা থাকলেও দেশ তিনটি পরস্পর সংযুক্ত জলবায়ু ঝুঁকির মুখে রয়েছে। হিমালয় থেকে বদ্বীপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত এই অভিন্ন পরিবেশব্যবস্থার ঝুঁকি মোকাবিলায় বিচ্ছিন্ন জাতীয় উদ্যোগের পরিবর্তে সমন্বিত আঞ্চলিক পদক্ষেপ প্রয়োজন।

আলোচনা সঞ্চালনা করেন সিপিআরডির প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা। তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণকে জলবায়ু ঝুঁকি থেকে উত্তরণ হিসেবে বিবেচনা করা যাবে না।

তিনি বলেন, এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক জলবায়ু তহবিল পাওয়ার ক্ষেত্রে দেশগুলোর জন্য আরও নমনীয় ব্যবস্থা থাকা প্রয়োজন। উন্নয়নের অগ্রগতি যেন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় অর্থায়ন পাওয়ার পথে বাধা না হয়, তা নিশ্চিত করতে হবে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিআরডির গবেষণা ও অ্যাডভোকেসি বিভাগের প্রোগ্রাম ম্যানেজার শেখ নূর আতায়া রাব্বি। তিনি কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য যৌথ জলবায়ু অভিযোজন ও অর্থায়ন-সংক্রান্ত কর্মসূচি গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি বলেন, দেশ তিনটির স্বতন্ত্র ঝুঁকির পাশাপাশি অভিন্ন জলবায়ু সংকটগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরতে সমন্বিত আঞ্চলিক প্রচার ও অভিন্ন অবস্থান জরুরি।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্ম সচিব ড. শাহ আবদুল সাদী বলেন, জলবায়ুসংশ্লিষ্ট আবহাওয়ার ঘটনাগুলো ক্রমেই বেশি ঘন ঘন ঘটছে, তীব্রতা ও স্থায়িত্ব বাড়ছে এবং এগুলোর পূর্বাভাস দেওয়া কঠিন হয়ে উঠছে। গঙ্গা-মেঘনা-ব্রহ্মপুত্র অববাহিকাজুড়ে এসব পরিবর্তনের প্রভাব পড়ছে।

তিনি বলেন, জলবায়ু ঝুঁকি নিরূপণ, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, প্রাতিষ্ঠানিক দায়িত্ব বণ্টন এবং সম্পদ বরাদ্দের ক্ষেত্রে ঘাটতি থাকায় অনেক ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও অঞ্চল যথাযথ গুরুত্ব ও সহায়তা পাচ্ছে না।

আন্তসীমান্ত জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নাগরিক সমাজের সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, এ ধরনের সহযোগিতা নীতিনির্ধারণে তথ্য-প্রমাণভিত্তিক সুপারিশ তৈরি, জনস্বার্থে প্রচার এবং কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, অঞ্চলজুড়ে সমন্বিত আগাম সতর্কবার্তা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। তবে শুধু সতর্কবার্তার আওতা বাড়ালেই হবে না, ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী যেন সহজে সেই তথ্য পায় এবং ব্যবহার করতে পারে, তা নিশ্চিত করতে হবে।

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় মাত্রা ও গতিতে আর্থিক ও প্রযুক্তিগত সম্পদ সংগ্রহেরও আহ্বান জানান তিনি।

এলডিসি সাপোর্ট টিমের প্রধান এবং ক্লাইমেট অ্যানালিটিকস সাউথ এশিয়ার পরিচালক মনজিৎ ধাকাল বাংলাদেশ, ভুটান ও নেপালকে হিমালয় ও গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকাকেন্দ্রিক পরস্পর সংযুক্ত একটি জলবায়ু ও উন্নয়ন করিডর হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, দেশগুলোর অভিন্ন জলবায়ু ঝুঁকি শুধু পৃথক জাতীয় উদ্যোগের মাধ্যমে কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব নয়। বরং বাস্তব ঝুঁকি ও অভিযোজনের প্রয়োজন বিবেচনায় নিয়ে বাংলাদেশ, ভুটান ও নেপালকে একটি আঞ্চলিক জলবায়ু অভিযোজন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া যেতে পারে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিআরএল) মো. জিয়াউল হকও এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

তিনি বলেন, এলডিসি উত্তরণ উন্নয়নের অগ্রগতির প্রতিফলন, জলবায়ু ঝুঁকি বিলুপ্ত হওয়ার প্রমাণ নয়। তাই জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো সনদের (ইউএনএফসিসিসি) আওতায় জাতীয় অভিযোজন অগ্রাধিকারের সঙ্গে জলবায়ু অর্থায়নের কার্যকর সংযোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, ভবিষ্যতের জলবায়ু ঝুঁকি ও দেশগুলোর আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে অনুদানভিত্তিক সহায়তা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে জাতীয়ভাবে চিহ্নিত ও ব্যয় নিরূপণ করা অভিযোজন কর্মসূচিতে উপযুক্ত শর্তে আন্তর্জাতিক অর্থায়ন পৌঁছানো নিশ্চিত করতে হবে।

ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়ার (ক্যানসা) প্রোগ্রাম ম্যানেজার রুচি চৌধুরী বাংলাদেশ, ভুটান ও নেপালের সরকার এবং নাগরিক সমাজের সংগঠনগুলোকে সমন্বিত ও ঝুঁকিকেন্দ্রিক অভিযোজন কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, সীমিত সম্পদ ও ব্যাপক জলবায়ু ঝুঁকি সত্ত্বেও দেশ তিনটি ধারাবাহিকভাবে জলবায়ু নেতৃত্বের পরিচয় দিয়েছে।

কপ-২৮, কপ-২৯ ও কপ-৩০ সম্মেলনে বিবিএন জোটের ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি আন্তসীমান্ত ঝুঁকি পর্যবেক্ষণ, আগাম সতর্কবার্তা ব্যবস্থা, স্থানীয় পর্যায়ে পরিচালিত অভিযোজন কর্মসূচি, জলবায়ু অর্থায়নের স্বচ্ছতা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

একই সঙ্গে জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) এবং দীর্ঘমেয়াদি স্বল্প-নিঃসরণ উন্নয়ন কৌশলের (এলটি-এলইডিএস) সঙ্গে অভিযোজনের অগ্রাধিকারগুলো সমন্বয়ের আহ্বান জানান তিনি।

তিনটি প্রধান দাবি

সংবাদ সম্মেলনে কপ-৩১ এবং পরবর্তী আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য তিনটি প্রধান অগ্রাধিকার তুলে ধরা হয়।

প্রথমত, বৈশ্বিক জলবায়ু আলোচনায় ঝুঁকিকেন্দ্রিক অভিযোজনকে অগ্রাধিকার দিতে হবে। এ ক্ষেত্রে দেশগুলোর অভিন্ন জলবায়ু ঝুঁকি, ন্যায্যতা ও মানবাধিকারের বিষয়গুলো বিবেচনায় নিয়ে অর্থায়ন ও কারিগরি সহায়তা নিশ্চিত করতে হবে।

দ্বিতীয়ত, এলডিসি উত্তরণের পরও পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য, সহজে প্রাপ্য ও অনুদানভিত্তিক অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখতে হবে। এ ক্ষেত্রে শুধু উন্নয়নশ্রেণি বিবেচনা না করে প্রকৃত ও ভবিষ্যৎ জলবায়ু ঝুঁকি, জাতীয় অভিযোজনের প্রয়োজন এবং আর্থিক সক্ষমতাকে গুরুত্ব দিতে হবে।

তৃতীয়ত, অভিন্ন বিবিএন অ্যাডভোকেসি ও আলোচনার অবস্থান তৈরি করে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে হবে। এর আওতায় আগাম সতর্কবার্তা ব্যবস্থা, স্থানীয় পর্যায়ে অভিযোজন, জলবায়ু অর্থায়নের স্বচ্ছতা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক অবস্থানের পাশাপাশি তাদের প্রকৃত জলবায়ু ভঙ্গুরতাকে আন্তর্জাতিক অর্থায়নের মানদণ্ডে গুরুত্ব দিতে হবে। উন্নয়নের মর্যাদা পরিবর্তনের কারণে কোনো দেশ যেন প্রয়োজনীয় জলবায়ু সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে জন্য সরকার, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।




আরো খবর

সর্বশেষ সংবাদ