১৭ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

​লালমনিরহাটে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ

আপলোড সময় : ১৬-১১-২০২৬
​লালমনিরহাটে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ছবি: টিডিএস

লালমনিরহাট সংবাদদাতা॥

অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা, আগুন লাগলে তাৎক্ষণিক করণীয় এবং নিরাপদে আগুন নেভানোর কৌশল সম্পর্কে সচেতনতা বাড়াতে লালমনিরহাটের বাউরা পুনমচাঁদ ভুতুরিয়া কলেজে প্রশিক্ষণ ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার পাটগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ফায়ার সার্ভিসের স্টেশন অধিনায়ক নারায়ণ চন্দ্র বর্মার নেতৃত্বে ছয় সদস্যের একটি দল দিনব্যাপী এ প্রশিক্ষণ ও প্রদর্শনী পরিচালনা করে।

কর্মসূচির শুরুতে কলেজের অধ্যক্ষ মো. বশিরুল ইসলাম আকন্দ আনুষ্ঠানিকভাবে মহড়া ও প্রদর্শনীর উদ্বোধন করেন।

প্রশিক্ষণে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ, আগুন লাগলে আতঙ্কিত না হয়ে করণীয়, নিরাপদে ঘটনাস্থল ত্যাগ, অগ্নিনির্বাপণ সরঞ্জামের ব্যবহার এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি প্রায় এক ঘণ্টার প্রদর্শনীতে আগুন নেভানোর বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

প্রদর্শনী শেষে শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে হাতে-কলমে অগ্নিনির্বাপণের অনুশীলন করানো হয়। এ সময় বিভিন্ন ধরনের অগ্নিনির্বাপণ সরঞ্জাম ব্যবহারের পদ্ধতি এবং দুর্ঘটনার সময় তাৎক্ষণিকভাবে কী ধরনের পদক্ষেপ নিতে হবে, সে বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মসূচি সম্পর্কে কলেজের অধ্যক্ষ মো. বশিরুল ইসলাম আকন্দ বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক ও জীবনঘনিষ্ঠ শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তাঁর প্রতিষ্ঠান বরাবরই গুরুত্ব দিয়ে আসছে। ফায়ার সার্ভিসের এ প্রশিক্ষণ শিক্ষার্থীদের অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান শিক্ষার্থীরা নিজেদের পরিবার ও এলাকার মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন করা হলে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি কমানোর পাশাপাশি জরুরি পরিস্থিতিতে মানুষের প্রস্তুতি ও সক্ষমতা বাড়বে।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের প্রশিক্ষণ শুধু ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতেই নয়, বরং পরিবার ও সমাজে অগ্নিনিরাপত্তা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।




আরো খবর

সর্বশেষ সংবাদ