সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন: কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা, উৎপাদন বন্ধের নির্দেশ
ছবি: সংগৃহীত
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং মোড়কে বাধ্যতামূলক তথ্য ও বিএসটিআই-এর লাইসেন্স না থাকার অপরাধে সিরাজগঞ্জ সদরে একটি চিপস কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানার পরিবেশ সন্তোষজনক না হওয়া পর্যন্ত এর সব ধরনের উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার রায়পুর এলাকায় অবস্থিত ‘মেসার্স খান ফুডস প্রোডাক্টস’ কারখানায় এই অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এই অভিযানে নেতৃত্ব দেন।
অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে ক্ষতিকর কোনো রাসায়নিক বা রং ব্যবহার করা না হলেও উৎপাদিত চিপসের প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং বিএসটিআই-এর লাইসেন্স ছিল না। এছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরি করে তা বাজারে সরবরাহ করা হচ্ছিল। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মো. ইমন খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি, স্বাস্থ্যসম্মত উপায়ে আধুনিক ড্রায়ার মেশিনে চিপস শুকানো, কারখানায় উন্নত যন্ত্রপাতি স্থাপন এবং সার্বিক পরিবেশের মানোন্নয়ন না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এদিকে দিনব্যাপী এই অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন বাজারে ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুত এবং সার্বিক সরবরাহ পরিস্থিতিও নিবিড়ভাবে তদারকি করা হয়।
অভিযানকালে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।