১৮ নভেম্বর ২০২৬

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

স্বর্ণালংকারের লোভে মাকে শ্বাসরোধ করে হত্যা, মাদকাসক্ত ছেলেসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার॥
আপলোড সময় : ১৮-১১-২০২৬
স্বর্ণালংকারের লোভে মাকে শ্বাসরোধ করে হত্যা, মাদকাসক্ত ছেলেসহ গ্রেপ্তার ৩ Collected Image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বর্ণালংকার হাতিয়ে নিতে মাকে হত্যার অভিযোগে নিহতের মাদকাসক্ত ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে ঐ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত মতিফুল বেগম ওই গ্রামের ছরোয়ার হোসেনের স্ত্রী। হত্যার পর তার মরদেহ বস্তায় ভরে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান দ্য ডেইলি স্কাই কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহতের ছেলে আশরাফ আলী (২০), একই গ্রামের ময়ান প্রামাণিকের ছেলে আব্দুর রাহিম (২২) এবং স্থানীয় স্বর্ণকার আব্দুল জলিল। আশরাফ আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে জানিয়েছন স্থানীয় এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মতিফুল বেগমের গলায় থাকা স্বর্ণের ধানতাবিজ ও কানের দুলের প্রতি লোভ তৈরি হয় তার ছেলে আশরাফের। এসব অলংকার নেওয়ার উদ্দেশ্যে মাকে হত্যার পরিকল্পনা করেন তিনি। পরিকল্পনা বাস্তবায়নে আব্দুর রাহিমের সহায়তা নেন আশরাফ। পরে মায়ের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর মরদেহটি বস্তায় ভরে রাখা হয়।

খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। একই ঘটনায় নিহতের ছেলে ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

ওসি মো. মেহেদী হাসান বলেন, খবর পাওয়ার এক ঘণ্টার মধ্যে আশরাফ ও তার সহযোগীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকারও উদ্ধার করা হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাতেই সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।




আরো খবর

সর্বশেষ সংবাদ