‘তোর মেয়েরে মাইরা ফেলতেছি’, ভয়েজ মেসেজ দিয়ে শিশুকে ‘হত্যা’
ছবি: সংগৃহীত
রাজধানীর বনশ্রীতে চার বছর বয়সী শিশু আসফিয়া জাহান নূরকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা মেহেরুননেসাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার বি-ব্লকের ৭ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়ির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
শিশুটির দূরসম্পর্কের আত্মীয় ফরিদা ইয়াসমিনের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগে শিশুটির মা হোয়াটসঅ্যাপে ‘ভিউ ওয়ান্স’ সুবিধা ব্যবহার করে তার স্বামী আশরাফুল হক ইমনকে দুটি ভয়েস মেসেজ পাঠান। প্রথম বার্তায় মেয়েকে মেরে ফেলার কথা জানান তিনি। দ্বিতীয় বার্তায় মেয়েকে হত্যা করেছেন বলে দাবি করেন।
বিষয়টি জানার পর ইমন তাদের বাড়ির মালিক এমদাদুল হককে ফোন করে বাসায় গিয়ে খোঁজ নেওয়ার অনুরোধ করেন। পরে বাড়ির মালিক সেখানে পৌঁছালে মেহেরুননেসা নিজেই মেয়েকে হত্যার কথা স্বীকার করেন এবং তাকে পুলিশের হাতে তুলে দিতে বলেন।
এরপর বাড়ির মালিক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
ফরিদা ইয়াসমিন জানান, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে ইমন ও মেহেরুননেসার বিয়ে হয়। বিয়ের প্রথম বছর সংসারে স্বাভাবিক পরিস্থিতি থাকলেও পরবর্তী সময়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। দুই পরিবারের সদস্যরা একাধিকবার বসে বিরোধ মীমাংসার চেষ্টা করলেও কিছুদিন পর আবারও তাদের মধ্যে বিরোধ দেখা দিত।
তিনি অভিযোগ করেন, মেহেরুননেসা প্রায়ই স্বামীর সঙ্গে খারাপ আচরণ ও শারীরিক নির্যাতন করতেন। তার অতিরিক্ত রাগ ও অভিমানের কারণে সংসারে অশান্তি লেগেই থাকত। এসব বিরোধের পরিণতিতে শিশুটিকে প্রাণ হারাতে হয়েছে বলে দাবি করেন তিনি।
জানা গেছে, অভিযুক্ত মেহেরুননেসার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায়। তিনি মৃত মহসীনের মেয়ে। অন্যদিকে শিশুটির বাবা আশরাফুল হক ইমন একটি কাপড়ের দোকানে চাকরি করে সংসার চালান।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা শেষে শিশুটির মরদেহ আজিমপুরে নেওয়া হবে।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনশ্রীর ওই বাসার তৃতীয় তলা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় শিশুটির মাকে আটক করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার সময় শিশুটির বাবা বাসায় ছিলেন না। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।