মহালয়া: পিতৃতর্পণ ও দেবীর আগমনি বার্তা

আপলোড সময় : ১০-১০-২০২৬ , আপডেট সময় : ১০-১০-২০২৬

বর্ষার দক্ষিণায়ন শেষের দিকে, শরৎ উঁকি দিচ্ছে প্রকৃতির আঙিনায়। কাশবনের শুভ্রতা, শিউলির গন্ধ আর নরম রোদে ঋতুবদলের বার্তা স্পষ্ট। এ বদলের সঙ্গেই বাঙালির মনে শুরু হয় দেবীর আগমনের প্রতীক্ষা। পাহাড়ের দেবালয় থেকে মা দুর্গা নামবেন মর্ত্যে। তাঁর আগমনের প্রথম স্পষ্ট বার্তাই মহালয়া। দেবীপক্ষের আগের ১৫ দিন পিতৃপক্ষ। কৃষ্ণপক্ষের এই পর্বের সমাপ্তি অমাবস্যায়, আর সেই অমাবস্যার দিনই মহালয়া। একদিকে পিতৃপক্ষের শেষ, অন্যদিকে দেবীপক্ষের সূচনা। ফলে মহালয়া যেন দুই জগতের এক তাৎপর্যপূর্ণ সন্ধিস্থল। একদিকে পূর্বপুরুষের স্মরণ, তর্পণ ও শ্রদ্ধা, অন্যদিকে দেবীশক্তির আগমন, অশুভের বিনাশ ও শুভের প্রতিষ্ঠার প্রত্যাশা। শারদীয় দুর্গোৎসবের এই পুণ্যলগ্নে তাই মহালয়া শুধু একটি ধর্মীয় তিথি নয়, বাঙালির আবেগ, স্মৃতি ও সংস্কৃতিরও এক গভীর অনুষঙ্গ।

‘মহালয়া’ শব্দের মধ্যেও রয়েছে এই সন্ধিক্ষণের একটি দর্শন। ‘লয়’ শব্দের মধ্যে মিলিয়ে যাওয়ার ভাব রয়েছে। প্রাণই মহা, আর সেই মহার আলয় মহালয়। শাস্ত্রীয় ব্যাখ্যায় বলা হয়, ‘প্রাণ হি ভগবানীশ, প্রাণ বিষ্ণু পিতামহঃ। প্রাণেন ধার্যতে লোকা, সর্বং প্রাণময়ং জগৎ।’ অর্থাৎ প্রাণই মহা, সেই মহার আলয়ই মহালয়। অমাবস্যা স্ত্রীলিঙ্গ বাচক শব্দ। তার বিশেষণ ‘মহালয়’; ব্যাকরণের নিয়ম অনুসারে বিশেষণ বিশেষ্যের লিঙ্গ গ্রহণ করে আকারান্ত হয়ে ‘মহালয়া’ হয়েছে বলেও ব্যাখ্যা করা হয়। তবে মহালয়ার তাৎপর্য শুধু শব্দের ব্যুৎপত্তিতে সীমাবদ্ধ নয়। এটি মানুষের নিজের কাছে ফিরে আসারও একটি উপলক্ষ। শুদ্ধাচার, পবিত্রতা, ত্যাগ, সেবা ও আত্মঅনুধ্যানের মধ্য দিয়ে মানুষ যখন মহতের আলয়ে প্রবেশ করে, তখন নিজের অন্তরের অন্ধকার দূর করার শক্তি অর্জন করে। তাই মহালয়া শুধু দেবীকে আহ্বানের দিন নয়, নিজের ভেতরের অশুভকে চিনে নেওয়ারও দিন।

পিতৃপক্ষ পূর্বপুরুষের স্মরণ ও তর্পণের বিশেষ সময়। হিন্দু পুরাণে পিতৃলোককে স্বর্গ ও মর্ত্যের মধ্যবর্তী এবং যমের অধীন এক লোক হিসেবে বর্ণনা করা হয়েছে। তর্পণ হলো পিতৃপুরুষের উদ্দেশে জল ও শ্রদ্ধা নিবেদন। মহালয়ার দিনে পিতৃ-মাতৃহীনরা পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় অঞ্জলি দেন। প্রচলিত বিশ্বাসে, এদিন প্রয়াত আত্মাদের মর্ত্যে আগমন ঘটে এবং তাদের সমাবেশকে মহালয় বলা হয়। পিতৃস্মরণের সঙ্গে মহাভারতের কর্ণের কাহিনিও যুক্ত। মৃত্যুর পর কর্ণ খাদ্য হিসেবে গহনা পেয়ে জানতে পারেন, জীবদ্দশায় তিনি পূর্বপুরুষকে জল ও খাদ্য অর্পণ করেননি। পরে তাকে ১৬ দিনের জন্য পৃথিবীতে ফিরে এসে পিতৃপুরুষকে জল ও খাদ্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। প্রচলিত বিশ্বাসে এই সময়কালই পিতৃপক্ষের সঙ্গে সম্পর্কিত। ফলে মহালয়া আমাদের মনে করিয়ে দেয়, বর্তমানের সঙ্গে অতীতের সম্পর্ক কখনো বিচ্ছিন্ন নয়।

পিতৃপক্ষের শেষে আসে দেবীপক্ষ। মহালয়া সেই আগমনের আমন্ত্রণের দিন। মানবকল্যাণ প্রতিষ্ঠায় মহাশক্তির প্রতীক দেবী দুর্গা। মায়ের মতোই তাঁর আবির্ভাব ও ভূমিকা। তাই বাঙালির কাছে তিনি শুধু দেবী নন, মা দুর্গা। প্রতি বছর শরৎকালে তিনি মর্ত্যে আসেন ভক্তদের কল্যাণ সাধন, অশুভের বিনাশ ও সৃষ্টির মঙ্গল কামনায়। সঙ্গে নিয়ে আসেন সন্তান গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতীকে। মহালয়ার ভোরে তাই ঘরে ঘরে পৌঁছে যায় মায়ের আগমনি বার্তা।

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ, স্তোত্র ও সংগীতের সমন্বয়ে ‘মহিষাসুরমর্দিনী’ বহু প্রজন্ম ধরে মহালয়ার ভোরকে দিয়েছে এক বিশেষ সাংস্কৃতিক পরিচয়। ধর্মীয় আবেগ, স্মৃতি, নস্টালজিয়া ও বাঙালির সাংস্কৃতিক অনুভব এখানে একাকার। দেশের বিভিন্ন প্রান্তের পূজামণ্ডপেও শুরু হয় আয়োজন। প্রতিপদ থেকে বিভিন্ন আচার পালনের পর ষষ্ঠীতে অধিবাস, বোধন ও আমন্ত্রণের মধ্য দিয়ে মূল পূজা শুরু হয়। মহালয়ার পর প্রতিপদে সংকল্প করে বোধনের মাধ্যমে দুর্গাপূজা শুরু করার রীতিকে বলা হয় প্রতিপদ কল্পরম্ভা।

দেবীদুর্গার সঙ্গে জড়িয়ে আছে মহিষাসুরবধের কাহিনি। পুরাণমতে, ব্রহ্মার বর পেয়ে মহিষাসুর মানুষ ও দেবতার কাছে অজেয় হয়ে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেন। তখন ব্রহ্মা, বিষ্ণু ও শিবের সম্মিলিত শক্তিতে মহামায়ারূপে দুর্গার আবির্ভাব ঘটে। দেবতাদের অস্ত্রে সজ্জিত সিংহবাহিনী দেবী নয় দিনের যুদ্ধে মহিষাসুরকে বধ করেন। তাই দুর্গা শুভশক্তির এবং মহিষাসুর অশুভ শক্তির প্রতীক। মানুষের লোভ, হিংসা, অহংকার, অসংযম ও ভোগপ্রবৃত্তির মধ্যেও সেই মহিষাসুরের প্রতীকী উপস্থিতি দেখা যায়। কৃত্তিবাসি রামায়ণেও এ সময়ের উল্লেখ রয়েছে। লঙ্কা বিজয়ের আগে শ্রী রামচন্দ্র অকালে দেবীর আরাধনা করেছিলেন, যা পরে বাসন্তী পূজা নামে পরিচিত হয়। পৌরাণিক কাহিনির এই সংক্ষিপ্ত আখ্যানের মধ্যেই নিহিত রয়েছে শুভের কাছে অশুভের পরাজয়ের চিরন্তন বার্তা।

মহালয়ার শিক্ষা তাই বাহ্যিক উৎসবের চেয়ে গভীর। দেবীকে মণ্ডপে প্রতিষ্ঠার আগে তাঁকে নিজের অন্তরে প্রতিষ্ঠা করা প্রয়োজন। প্রতিমার সামনে প্রদীপ জ্বালানোর পাশাপাশি নিজের মনের অন্ধকারেও আলো জ্বালাতে হবে। লোভ সংযত করা, অহংকার জয় করা, দুর্বল মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়কে প্রশ্রয় না দেওয়া এবং বিভাজনের বদলে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা বাড়ানোর মধ্যেই দেবী আরাধনার প্রকৃত অর্থ নিহিত। মহিষাসুরের পতন তখন শুধু পুরাণের ঘটনা থাকে না, হয়ে ওঠে নিজের অসুরত্ব জয় করার প্রতীক। ধর্মের পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের পরিচয়কে বড় করে দেখাও এই উপলব্ধির অংশ। দেবীশক্তির আরাধনা তখন মানুষের প্রতি দায়িত্ববোধ ও কল্যাণচেতনার সঙ্গে যুক্ত হয়।

দুর্গাপূজার আলো, ঢাকের বাদ্য, মণ্ডপের আয়োজন ও উৎসবের আনন্দ তখনই অর্থবহ হবে, যখন তার আলো মানুষের মনেও পৌঁছাবে। মহালয়ার ভোর শুধু একটি ধর্মীয় দিনের ভোর নয়, এটি শিকড়ের কাছে ফিরে যাওয়া, পূর্বপুরুষকে স্মরণ করা এবং নিজের দুর্বলতা ও অশুভ প্রবৃত্তির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান। মা দুর্গার মর্ত্যে আগমন তাই শুভবোধেরও আগমন। এই মহালয়ায় প্রার্থনা হোক, মানুষের মন থেকে হিংসা ও বিদ্বেষ দূর হোক, জাগ্রত হোক মানবিকতা, সহমর্মিতা ও অসাম্প্রদায়িক চেতনা। মানুষ মানুষকে আরও কাছে টেনে নিতে শিখুক। মহালয়ার ভোরের আলো পূজামণ্ডপের পাশাপাশি আমাদের মন, সমাজ ও চারপাশকেও আলোকিত করুক। তাহলেই মহালয়া সত্যিকার অর্থে হয়ে উঠবে অন্ধকার থেকে আলোর পথে যাত্রার অঙ্গীকার।

লেখক: ড. রাধেশ্যাম সরকার, কৃষিবিদ, প্রাবন্ধিক এবং সভাপতি, মহানগর সার্বজনীন পূজা কমিটি, শেরেবাংলা নগর থানা, ঢাকা।

[ প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দ্য ডেইলি স্কাই সম্পাদকীয় নীতির সঙ্গে  প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দ্য ডেইলি স্কাই কর্তৃপক্ষের নয়। ]

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :