অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ বিআরটিএ'র এডি আলী আহসান মিলনের বিরুদ্ধে

আপলোড সময় : ১০-১০-২০২৬ , আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৯:৩৮:১৯ অপরাহ্ন

বিআরটিএ'র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ আলী আহসান মিলনের বিরুদ্ধে ঘুষ লেনদেন, দালালদের মাধ্যমে অনিয়ম এবং প্রভাব খাটিয়ে নিয়মবহির্ভূত সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন পরিবহনমালিক ও চালক। 

তাঁদের দাবি, গাড়ির ফিটনেস নবায়ন, নতুন রেজিস্ট্রেশন, ইঞ্জিন ও চেসিস নম্বর যাচাই এবং গাড়ির বডি পরিবর্তনের অনুমোদন নিতে নির্ধারিত সরকারি ফির বাইরেও অতিরিক্ত অর্থ দিতে হয়।

তিন সপ্তাহ ঘুরেও মেলেনি সনদ, পরে অর্থ দেওয়ার অভিযোগ

বেরাইদ এলাকার মাইক্রোবাসমালিক সুজন আহমেদের অভিযোগ, সরকারি ফি জমা দেওয়ার পরও ফিটনেস সনদ পেতে তাঁকে প্রায় তিন সপ্তাহ ধরে বিআরটিএ কার্যালয়ে যাতায়াত করতে হয়েছে। একপর্যায়ে কার্যালয়ের বাইরে এক ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করার কথা বলেন।

সুজন আহমেদের ভাষ্য, “সরকারি ফি জমা দিয়েও তিন সপ্তাহ ঘুরেছি। পরে অফিসের বাইরে এক দালাল এসে বলে—‘স্যারকে ম্যানেজ’ করলে এক দিনেই হয়ে যাবে। টাকা দেওয়ার পরদিনই ফিটনেস সনদ হাতে পাই।”

তাঁর বক্তব্য অনুযায়ী, অতিরিক্ত অর্থ দেওয়ার পর সনদ পাওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়। 

দালালদের ভূমিকা নিয়ে প্রশ্ন

অভিযোগকারীদের দাবি, ঢাকা মেট্রো-৪ সার্কেল কার্যালয়ের ভেতরে ও বাইরে একাধিক মধ্যস্থতাকারী সক্রিয় রয়েছেন। তাঁদের অভিযোগ, আবেদনকারীরা সরাসরি কার্যালয়ে সেবা নিতে যাওয়ার আগেই কোনো কোনো মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগের পরিস্থিতি তৈরি হয়। এসব ব্যক্তির কয়েকজন নিয়মিত কার্যালয়ে যাতায়াত করেন বলেও দাবি করেছেন তাঁরা।

অভিযোগকারীদের ভাষ্য, মধ্যস্থতাকারীদের মাধ্যমে আবেদন করালে তুলনামূলক দ্রুত কাজ হয়; অন্যদিকে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে ফাইল আটকে থাকা, অযৌক্তিক ত্রুটি দেখানো কিংবা পুনঃপরিদর্শনের নামে হয়রানির মুখে পড়তে হয়।

ঢাকা মেট্রো-৪ সার্কেল কার্যালয়কে ঘিরে ওঠা অভিযোগের সবচেয়ে উদ্বেগজনক অংশ হলো যানবাহনের ফিটনেস যাচাই। অভিযোগ রয়েছে, সড়কে চলাচলের অনুপযোগী, অতিরিক্ত ধোঁয়া নির্গমনকারী কিংবা ব্রেক ও লাইটিং ব্যবস্থায় ত্রুটিযুক্ত কিছু যানবাহনও অর্থের বিনিময়ে ফিটনেস সনদ পেয়ে থাকতে পারে।

এ অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিষয়টি শুধু সরকারি সেবায় অনিয়মের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; জননিরাপত্তার প্রশ্নও সামনে আসবে। কারণ, ফিটনেস সনদ দেওয়ার উদ্দেশ্য হলো যানবাহনের নির্ধারিত কারিগরি ও নিরাপত্তাসংক্রান্ত শর্ত যাচাই করা। পরিদর্শন যথাযথভাবে না হলে যাত্রী, চালক ও সড়কের অন্য ব্যবহারকারীরা ঝুঁকির মুখে পড়তে পারেন।

অভিযোগের বিষয়ে বিআরটিএর ঢাকা মেট্রো-৪ সার্কেল কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ আলী আহসান মিলনের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি বিধায় তার বক্তব্য নেওয়া যায়নি।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :