বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় রিমান্ড শেষে রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নুর মোহাম্মদ আয়াস ও মারজিয়া খন্দকার রিমিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হাসান শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। তবে শুনানি চলাকালে হট্টগোলে এজলাস ছাড়েন বিচারক। এ সময় এক আইনজীবীকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
এদিন আয়াস ও রিমিকে আদালতে হাজির করার পর মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক আব্দুল গাফফার হিমেল তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
ওই আবেদনে উল্লেখ করা হয়, দুই আসামিকে রিমান্ডে পেয়ে মামলার ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামির বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং তাদের নাম-ঠিকানা যাচাই না হওয়া পর্যন্ত আসামিদের জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।
বিকাল ৪টা ১০ মিনিটের দিকে পুলিশ প্রহরায় তাদের আদালতের ৯ তলার এজলাসে নেয়া হয়েছিল। আসামিপক্ষের আইনজীবী মনির হোসেন সুমন জামিন চেয়ে শুনানি করেন। অপরদিকে জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।
এক পর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বললেন, এরা (আসামিপক্ষের আইনজীবী) সবাই জামায়াতের আইনজীবী। দেখলেই বোঝা যাচ্ছে।
এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলির বক্তব্যে আপত্তি আছে বলে বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবী আল মহসিন তৌহিদ। এতে আদালতে থাকা রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তার ওপর চড়াও হন। শার্ট টেনে ছিঁড়ে ফেলা হয়। তখন এজলাসে থাকা বিচারক খাসকামরায় গিয়ে অবস্থান নেন।
কিছুক্ষণ পর এজলাসের পরিস্থিতি স্বাভাবিক হলে বিচারক ফের উঠেন। এ অবস্থায় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আয়াস রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বলেন, ‘স্যার, ক্ষমা চাই। আমি ক্ষমা চাই, প্লিজ।’
তখন নিজের আইনজীবীদের উদ্দেশ্যে তাকে বলতে দেখা যায়, ‘মারামারি করে আমার জীবন ধ্বংস করবেন।’
পর ৪টা ৪২ মিনিটের দিকে বিচারক রিয়াদ হাসান পুনরায় এজলাসে উঠেন। তিনি বলেন,‘বিষয়টা খারাপ লাগল। আপনাদের কাছে এটা আশা করিনি। এ পর্যায়ে অর্ডার দিয়ে দিচ্ছি।’
পরে আসামিদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
আদালত থেকে কারাগারে নেওয়ার পথে আয়াস বলছিলেন,‘আমি কি মার্ডার করে আসছি? আমাকে এভাবে নিচ্ছেন?’
এর আগে গত রবিবার আয়াস ও রিমির তিন দিন এবং মো. সাকিবুল হাসান ও মো. সুজন মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে রিমান্ড শেষে মঙ্গলবার সাকিব ও সুজনকে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির গেটের বিপরীত পাশে গণপূর্তের সীমানা প্রাচীরে শিল্প সংস্কৃতি ও সাহিত্যবিষয়ক বিভিন্ন গ্রাফিতি অঙ্কন করে। গত ৯ অক্টোবর আসামি আল নুর মোহাম্মদ আয়াস ওই গ্রাফিতি চুনকালি দিয়ে মুছে ফেলার ঘোষণা দেন। সেই ঘোষণা অনুযায়ী আসামিরা একত্র হন।
এ সময় আয়াসকে বলতে শোনা যায়, ‘আপনারা যদি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দাদা-দাদির কবর জিয়ারতে যান, যেটি পাকিস্তানে অবস্থিত সেই ফাঁকে জিন্নাহর কবরটা দেখে আসতে পারেন। তার নামফলক বাংলায় সুন্দরভাবে লেখা আছে। তিনি চাইতেন সরকারি ভাষা ব্যবহারের ক্ষেত্রে একটি অভিন্ন ভাষা ব্যবহার হবে। তাই জিন্নাহকে বিনা কারণে গালাগালি করা রাজনৈতিক ছোটলোকি ও বাটপারি ছাড়া কিছু নয়।’
অপরদিকে আসামি মারজিয়া খন্দকার রিমি বক্তব্য দেন, ‘আমরা এখানে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। রবীন্দ্রনাথের জমিদারিতে মুসলমানদের ওপর অত্যাচার-নিপীড়ন চালানো হয়েছে। এই নিপীড়ক রবীন্দ্রনাথের ছবি বাংলাদেশের কোনো দেয়ালে দেখতে চাই না।’
এরপর তিনি রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি মেখে দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এছাড়া আসন্ন দুর্গাপূজা কেন্দ্র করে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার বিষয়টিও রয়েছে পুলিশের বক্তব্যে। ওই সময় ঘটনাস্থল থেকে চার আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা করে।