পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৭ শিশুসহ নিহত ২৮

আপলোড সময় : ১৫-১০-২০২৬ , আপডেট সময় : ১৫-১০-২০২৬

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষিকা আছেন। আহত হয়েছেন আরও ১৯ জন।

বৃহস্পতিবার পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আল খায়ের স্কুলে এ ঘটনা ঘটেছে। ধসে পড়া ছাদের নিচে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’-এর মুখপাত্র বিলাল আহমেদ ফাইজি জানান, উদ্ধারকাজ চলছে। এখন পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।


লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মুহাম্মদ আসিম ডনকে জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক উজির বলেন, দুর্ঘটনার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত ছিল।


খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ উদ্ধারকাজ তদারকির জন্য পেশোয়ারের সিসিপিওকে নির্দেশ দিয়েছেন। নিরবচ্ছিন্ন অ্যাম্বুলেন্স চলাচল নিশ্চিত করতে ট্রাফিক পুলিশকে ‘গ্রিন করিডোর’ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :