​শাহজাদপুরে ইভটিজিং ও হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

আপলোড সময় : ১৫-১০-২০২৬ , আপডেট সময় : ১৫-১০-২০২৬
সেলিম তালুকদার, শাহজাদপুর॥ 

 বিদ্যালয়ে ছাত্রীদের ইভটিজিং ও শিক্ষার্থীদের উপরে হামলা ও মারধরের প্রতিবাদে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

আজ বুধবার (১৪ই অক্টোবর) সকাল ১০টায় উপজেলার রুপবাটি গ্রামের শতাধিক ভুক্তভোগী শিক্ষার্থী, কয়েকশো অভিভাবক ও গ্রামবাসীর যৌথ অংশগ্রহণে দুগালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেয়া দুগালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা, সুমাইয়া, কেয়া অভিযোগ করে বলেন, বিদ্যালয়ে যাওয়ার পথে দুগালি গ্রামের ছাত্ররা নিয়মিত আমাদের উত্ত্যক্ত করে। এভাবেই নিরাপত্তাহীনতায় প্রতিদিন আমাদের বিদ্যালয়ে যেতে হয়। এ ছাড়া রুপবাটি গ্রামের ছাত্রদের মাঝেমধ্যেই দুগালি গ্রামের ছাত্ররা ও কিশোর গ্যাং এর লোকজন মারধর ও হামলা করে। বিষয়গুলো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করা হলেও তিনি সমস্যা সমাধানের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

এসময় অভিভাবকরা অভিযোগ করে বলেন, ইভটিজিং ও হামলার বিষয়ে দুগালী গ্রামের প্রধানদের কাছে বিচার চাইলে তারা কোন কর্ণপাত করেনা। গত শনিবার ওই গ্রামের পথ দিয়ে আসার সময় রুপবাটি গ্রামের ৩ জন প্রধানের উপরে হামলা চালিয়ে আহত করা হয়। এরকম চলতে থাকলে রুপবাটি গ্রামের ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যাবে। ফলে তাদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়বে। এসময় তারা ব্যর্থতার জন্য প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন।

এই বিষয়ে দুগালি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন বলেন, ফেসবুকের পোষ্টকে কেন্দ্র করে কিছুদিন পুর্বে রুপবাটি ও দুগালি গ্রামের ২টি ছেলের ঝামেলা হয়, বিষয়টি আমরা সমাধান করে দেই। পরে বিদ্যালয়ের বাইরে রুপবাটি গ্রামের ছাত্রটিকে মারধর করা ও ওই গ্রামের প্রধানদের উপরে হামলার বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। 

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :