রাশমিকা নিজেই বললেন

বিয়ে করতে এক বছর ঘুরতে হয়েছে বিজয়ের পেছনে

আপলোড সময় : ১৯-১০-২০২৬ , আপডেট সময় : ১৯-১০-২০২৬

বিজয় দেবরাকোন্ডা আগে বিয়ের প্রস্তাব দেবেন—এমন অপেক্ষায় মোটেই বসে ছিলেন না রাশমিকা মান্দানা। বরং নিজেই টানা এক বছর ধরে বিজয়কে বিয়ের জন্য বোঝানোর চেষ্টা করে গিয়েছিলেন। জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণের’ নবম সিজনের নতুন পর্বে এসে এই গোপন তথ্য প্রকাশ করেছেন ভারতীয় চলচ্চিত্রের এই নববিবাহিত তারকা দম্পতি।

উপস্থাপক করণ জোহরের সঙ্গে আলাপচারিতায় তাঁদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা অজানা কথা শেয়ার করেছেন বিজয় ও রাশমিকা।

সম্প্রতি প্রকাশ পাওয়া শোর ট্রেলারে করণ জোহর বিজয়কে জিজ্ঞাসা করেন, তিনি রাশমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কি না। প্রশ্ন শুনে রাশমিকা মাথা নেড়ে ‘না’ সূচক সংকেত দেন। তবে বিজয় পুরো বিষয়টি অন্যভাবে তুলে ধরেন।

হাসিঠাট্টার ছলে বিজয় বলেন, ‘সেই প্রথম বলেছিল যে চলো আমরা বিয়ে করে নিই।’ করণের দিকে তাকিয়ে তিনি আরও যোগ করেন, ‘ও আমাকে অন্তত ১০০ বার এই এক কথা বলেছে।’

করণ যখন রাশমিকার কাছে জানতে চান যে তিনি সত্যি সত্যিই বিজয়কে ১০০ বার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কি না, তখন রাশমিকা তা স্বীকার করে নিয়ে বলেন, ‘আমি এক বছর ধরে ওর পেছনে লেগেছিলাম।’

রাশমিকার এই স্বীকারোক্তিতে করণ বেশ অবাক হন। তবে পরিস্থিতি সামাল দিতে বিজয় রসিকতা করে বলেন, তিনি বিষয়টি ঝুলিয়ে রাখার মতো হৃদয়হীনতা দেখাননি, বরং পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলেন।

বিয়ের গল্প ছাড়াও এই পর্বে অন্যান্য মজার মুহূর্ত তুলে ধরা হয়েছে। র‍্যাপিড-ফায়ার রাউন্ডে রাশমিকাকে যখন আল্লু অর্জুন এবং রণবীর কাপুরের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়, তিনি সহ-অভিনেতা আল্লু অর্জুনকে বেছে নেন।

অন্য একটি মুহূর্তে করণ জোহর বিজয়ের কাছে জানতে চান, রাশমিকা ছাড়া আর কোন অভিনেত্রীর সঙ্গে পর্দায় তাঁর কেমিস্ট্রি সবচেয়ে ভালো মানায়? বিজয়ের উত্তর দেওয়ার আগেই রাশমিকা বলে ওঠেন, ‘কারও সঙ্গেই না।’

স্ত্রীর কথায় সায় দিয়ে বিজয় হাসতে হাসতে বিবাহিত জীবনের প্রথম নিয়মের কথা স্মরণ করিয়ে দেন। বিজয় বলেন, ‘সংসার জীবনের প্রথম নিয়ম হলো, স্ত্রীর সব কথায় সায় দেওয়া!’

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় তেলেগু রোমান্টিক সিনেমা ‘গীত গোবিন্দমে’ প্রথমবার একসঙ্গে অভিনয় করেন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। এরপর ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ ছবিতে তাঁদের রসায়ন ব্যাপক জনপ্রিয়তা পায়। এর পর থেকেই তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন চলছিল, যদিও দুজনেই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় নীরবতা বজায় রেখেছিলেন।

অবশেষে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তেলেগু ও কোডাভা ঐতিহ্য মেনে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দুই তারকা।

পর্দাতেও আবার নতুন করে এক হয়েছেন এই দম্পতি। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত পিরিয়ড অ্যাকশন ড্রামা ‘রণবলি’ ছবিতে একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের। গত ১৬ অক্টোবর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং বর্তমানে বাণিজ্যিকভাবে ভালো সাড়া পাচ্ছে।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :