প্রেক্ষাগৃহে আসার দশ বছর পর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে শরিফুল রাজ ও নাজিফা তুষির প্রথম সিনেমা ‘আইসক্রিম’।
সম্প্রতি চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয় সিনেমাটির থিমেটিক পোস্টার যা আগ্রহ বাড়ায় দর্শকদের। মুক্তির অপেক্ষায় থাকেন দর্শক। অবশেষে গতকাল মধ্যরাতে অবমুক্ত হয় সিনেমাটি। রোমান্টিক গল্পের এই সিনেমাটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। এটি তার পরিচালিত দ্বিতীয় সিনেমা। ২০১৬ সালের ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘আইসক্রিম’।
সিনেমাটির নামকরণ নিয়ে গল্পকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা এবং নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘আমি একটা সম্পর্কের গল্প বলতে চেয়েছি, আর সম্পর্কটা আইসক্রিমের মতো, একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। তাপমাত্রা কম হলে গলে যায়, আবার বেশি হলে বরফ হয়ে যায়।’
শরিফুল রাজ, নাজিফা তুষি, কুমার উদয় যারা এখন নিজেদের কাজের মাধ্যমে শক্ত ভিত্তি তৈরি করে ফেলেছেন, তাদের প্রথম সিনেমা ছিল ’আইসক্রিম’ এবং সিনেমাটি মুক্তির সময় আবেগপ্রবণ হয়ে পরিচালক বলেছিলেন, ‘সিনেমাটি আমাদের সন্তানের মতো। অনেক ভালোবাসা আর কষ্ট করে আমরা সিনেমাটি করেছি।’ শরিফুল রাজ অশ্রুশিক্ত হয়ে বলেছিলেন, ‘আমি জীবনে অনেক কষ্ট করে এই পর্যায়ে এসেছি। রনি ভাইয়ের (রেদওয়ান রনি) কাছে কৃতজ্ঞ।’
একদম নতুন কিছু অনুভূতি দেখানোর জন্যই নতুন মুখ নিয়ে কাজ করেছিলেন রেদওয়ান রনি। তিনি বলেছিলেন, ‘গল্পের জন্যই নতুন মুখ দরকার ছিল। আমি এমন কিছু হাসি-কান্না-দুঃখ দেখাতে চেয়েছি, যেটা আগে পর্দায় কেউ দেখেনি, তাই নতুন মুখ নেওয়া। আর দর্শকদের উচ্ছ্বাসই আমার অর্জন।’
সিনেমাটি প্রযোজনা করেছেন শুক্লা বণিক, রেদওয়ান রনি এবং সালমা আদিল। সিনেমার গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অর্ণব, আরমিন মুসা, শারমিন সুলতানা সুমি, মিনার রহমান। সিনেমায় অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, দিতি, ওমর সানি, সায়েম সাদাত, নাদিয়া খানম।