​এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি

আপলোড সময় : ২০-১০-২০২৬ , আপডেট সময় : ২০-১০-২০২৬

এআই দিয়ে তৈরি ভুয়া আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। এ ধরনের হয়রানি নিয়ে কথা বলতে গিয়ে নিজের জীবনের নানা ঝামেলার প্রসঙ্গও তুলে ধরেছেন তিনি। অভিনেত্রীর মতে, এ ধরনের ঘটনা সাধারণ নারীদের জন্য আরও ভয়াবহ মানসিক চাপ তৈরি করতে পারে। তাই এআই প্রযুক্তির অপব্যবহার ও অনলাইন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি।

সোমবার (১৯ অক্টোবর) একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারাজীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।’

তবে এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিওর বিষয়টিকে কেবল নিজের ব্যক্তিগত সমস্যা হিসেবে দেখছেন না পরীমণি। তার মতে, এ ধরনের ঘটনায় সাধারণ নারীরা আরও বেশি মানসিক চাপে পড়তে পারেন। তাই বিষয়টি এড়িয়ে না গিয়ে প্রতিবাদ করা জরুরি।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বিষয়টা অনেক সেনসিটিভ। আমার মতো মানুষ এটা গায়েই লাগানোর কথা না। প্রথম তিন চার দিন তো পাত্তা দেইনি। যখন দেখলাম, এটা আর এভয়েড করতে পারছি না, তখন গিয়ে কথা বললাম। কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হলে অনেকে সুইসাইডও করে ফেলে। সেসব নিয়ে অহরহ নিউজ হয়েছে। সুতরাং এ বিষয় নিয়ে সোচ্চার হওয়া জরুরি।’
 

পরীমণির বক্তব্যে উঠে এসেছে, পরিচিত মুখ হওয়ায় তিনি বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ জানানোর সুযোগ পেয়েছেন। কিন্তু একই পরিস্থিতিতে পড়া একজন সাধারণ নারী হয়ত সেই সাহস বা সমর্থন নাও পেতে পারেন। সে কারণেই নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে এ ধরনের হয়রানির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য, সম্প্রতি এআই প্রযুক্তি ব্যবহার করে পরীমণির একটি ভুয়া আপত্তিকর ভিডিও তৈরি করে অন্তর্জালে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে পরীমণিও প্রতিবাদ জানান। ফেসবুক লাইভে এসে এ ঘটনার বিরুদ্ধে কথা বলার পর অনেকেই তার সাহসের প্রশংসা করছেন। 

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :