​৬৭৮ কোটি টাকা পাচারের মামলা: ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডির এক দিনের রিমান্ড

আপলোড সময় : ২০-১০-২০২৬ , আপডেট সময় : ২০-১০-২০২৬

সোনা ও হীরা কেনাবেচার আড়ালে ৬৭৮ কোটি ১৯ লাখ টাকা অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মামলার তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড চেয়েছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক (এসআই) আশরাফুল হাসান দিলীপকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আদালতকে বলেন, দিলীপের কাছে কারা সোনা ও হীরা বিক্রি করেছেন, সে বিষয়ে তদন্তকারীদের কাছে পর্যাপ্ত তথ্য নেই। দিলীপও এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিতে পারেননি বলে তিনি দাবি করেন।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, দিলীপ চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা কেনাবেচা করে অর্থ পাচার করেছেন। এ ছাড়া তিনি বিভিন্ন সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অর্থ দিয়েছেন এবং ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান দমনে তাঁর সরকারকে সহযোগিতা করেছেন বলেও অভিযোগ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

তবে আসামিপক্ষের আইনজীবীরা এসব অভিযোগের বিষয়ে আদালতে নিজেদের বক্তব্য তুলে ধরেন। তাঁরা বলেন, দিলীপ প্রয়োজনীয় নথিপত্র ও বছরভিত্তিক হিসাব জমা দিয়েছেন। এসব নথিতে আর্থিক লেনদেন এবং কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে, তার বিবরণ রয়েছে বলেও দাবি করেন তাঁরা।

আসামিপক্ষের আইনজীবীদের যুক্তি, দিলীপ কারাগারে থেকেই তদন্তে সহযোগিতা করতে পারবেন। রিমান্ড আবেদনের সঙ্গে মামলার অভিযোগের অসংগতিও রয়েছে বলে তাঁরা দাবি করেন।

এ সময় দিলীপের বয়স ও অসুস্থতার কথা উল্লেখ করে তাঁর জামিনের আবেদনও জানানো হয়। পরদিন বিজয়া দশমী থাকায় বিষয়টি বিবেচনায় নেওয়ার অনুরোধ করেন তাঁর আইনজীবীরা। তবে শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

স্থানীয় বাজার থেকে ৬৭৮ কোটি টাকার সোনা-হীরা কেনার অভিযোগ

মামলার বিবরণ অনুযায়ী, গত সোমবার রাজধানীর বনানীর একটি বাসা থেকে দিলীপকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মামলার নথিতে বলা হয়েছে, ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে গুলশান অ্যাভিনিউয়ে অবস্থিত ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম ও কার্যালয়কে কেন্দ্র করে কথিত অপরাধগুলো সংঘটিত হয়েছে।

সিআইডির তদন্তে ব্যাংক হিসাব, সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যের বরাতে মামলার নথিতে বলা হয়েছে, ডায়মন্ড ওয়ার্ল্ড বিদেশ থেকে ঋণপত্রের (এলসি) মাধ্যমে বৈধভাবে ৩৮ কোটি ৪৭ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার, স্বর্ণালংকার, হীরা ও গয়না আমদানি করেছিল।

তবে একই সময়ে প্রতিষ্ঠানটি স্থানীয় বাজার থেকে ৬৭৮ কোটি ১৯ লাখ টাকারও বেশি মূল্যের সোনা ও হীরা কেনাবেচা, বিনিময় বা রূপান্তর করেছে বলে তদন্তে উঠে এসেছে।

নথি অনুযায়ী, স্থানীয় বাজার থেকে কেনা এসব সোনা ও হীরার বিক্রেতা কিংবা উৎস শনাক্ত করার মতো বৈধ কাগজপত্র সিআইডির তদন্ত কর্মকর্তাদের কাছে জমা দিতে পারেনি প্রতিষ্ঠানটি।

সিআইডির প্রাথমিক তদন্তে অভিযোগ করা হয়েছে, দিলীপ দীর্ঘদিন ধরে ডায়মন্ড ওয়ার্ল্ড ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডকে ব্যবহার করে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে আসা সোনা ও হীরা কেনাবেচা করেছেন। এসব লেনদেনের মাধ্যমে ৬৭৮ কোটি ১৯ লাখ টাকা পাচারের অভিযোগে মামলাটি করা হয়েছে।

২০২৫ সালের ১৭ নভেম্বর সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আসাদুজ্জামান শেখ গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

২০২৪ সালেও গ্রেপ্তার হয়েছিলেন দিলীপ

এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপকে গ্রেপ্তার করেছিল র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সে সময় তাঁর বিরুদ্ধে সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয়।

র‍্যাবের পক্ষ থেকে গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয় ঘিরে দীর্ঘ অভিযান চালানোর পর মধ্যরাতে তাঁকে হেফাজতে নেওয়া হয়।

পরবর্তী সময়ে ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বাড্ডায় কিশোর হৃদয় আহমেদ হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :