টাইগারকে লক্ষ্য করে গুলির পর সালমান-অক্ষয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

আপলোড সময় : ২১-১০-২০২৬ , আপডেট সময় : ২১-১০-২০২৬

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর অভিনেতা সালমান খান ও অক্ষয় কুমারের বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। সালমানের বাড়ির বুলেটপ্রুফ কাচের সুরক্ষাব্যবস্থা উন্নত করা হচ্ছে। অন্যদিকে, অক্ষয় কুমারের বাড়িতে বুলেটপ্রুফ কাচ বসানোর কাজ চলছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল ম্যাচ খেলে ফেরার সময় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালান তিন ব্যক্তি। এ ঘটনায় অভিনেতা সামান্য আহত হলেও প্রাণে বেঁচে যান তিনি।

ঘটনার তদন্তে উঠে এসেছে, হামলাকারীদের মূল লক্ষ্য ছিলেন সালমান খান। সূত্র জানিয়েছে, হামলাকারীরা সালমানের বাড়িতে নজরদারি চালিয়েছিলেন। তবে সেখানে কঠোর নিরাপত্তাব্যবস্থা দেখে তারা হামলার পরিকল্পনা থেকে সরে আসেন বলে ধারণা করা হচ্ছে।

সালমান খান বর্তমানে কর্তৃপক্ষের দেওয়া ওয়াই প্লাস নিরাপত্তা পাচ্ছেন। টাইগারকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার সময় তাকে মুম্বাইয়ের কালিনা বেসরকারি বিমানবন্দর থেকে নিরাপত্তাকর্মীদের সঙ্গে বের হতে দেখা যায়।

এদিকে অক্ষয় কুমারের বাড়ির বাইরেও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। দুই অভিনেতার বাড়িতে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বুলেটপ্রুফ কাচের সুরক্ষাব্যবস্থা আরও উন্নত করা হচ্ছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন বিহারের বেগুসরাইয়ের ২২ বছর বয়সী হৃতিক ওরফে রোশন এবং হরিয়ানার সোনিপতের ১৮ বছর বয়সী রেহান ও ১৮ বছর বয়সী ফুল সিং। সোমবার রাজস্থানের কোটায় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

এখনো এ ঘটনা নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি টাইগার শ্রফ। তবে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে এ বিষয়ে তার কথা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

টাইগার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার ঘটনায় দ্রুত বিচারের দাবিতে বলিউডের কয়েকজন তারকাও প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সুনীল শেঠি, রণবীর শোরে, আমাল মালিক ও মিকা সিং।

সূত্র: এনডিটিভি

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :